দীর্ঘ মানববন্ধনে খালেদার গ্রেপ্তার দাবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ডে মদদ দেওয়ায় অভিযোগ তুলে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ১৪ দল।
রাজনীনৈতিক কর্মসূচির নামে সহিংসতার প্রতিবাদে রোববার এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি এসেছে।
গাবতলী থেকে শ্যামপুর সেতু পর্যন্ত দীর্ঘ ছিল এই মানববন্ধন।
গাবতলী থেকে শুরু করে আসাদ গেইট, রাসেল স্কোয়ার, পান্থপথ, সার্ক ফোয়ারা মোড়, বাংলামটর, শাহবাগ মৎস্য ভবন, প্রেস ক্লাব, পল্টন মোড়, বঙ্গবন্ধু স্কয়ার, টিকাটুলি মোড়, সায়েদাবাদ এবং যাত্রাবাড়ী হয়ে শ্যামপুর সেতুতে গিয়ে ১৮ কিলোমিটারের এই মানববন্ধন শেষ হয়।
বঙ্গবন্ধু স্কয়ারে বিকাল ৩টায় ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের ঘোষণার মধ্য দিয়ে ঘন্টাব্যাপী কর্মসূচি শুরু হয়।
মানববন্ধনে কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন।
নাসিম বলেন, “জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। খালেদা জিয়া এখন জনগণের নেত্রী নাই। তিনি জঙ্গিদের নেত্রী। মানুষ হত্যার নেত্রী।”
বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে কোনো ধরনের সংলাপের কথা নাকচ করে তিনি বলেন, “২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে। তখন সংলাপ হবে নির্বাচন কমিশনের সঙ্গে।”
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত জনগণের শক্তিকে উজ্জীবিত করে ‘অপরাজনীতির’ বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর আহ্বান জানান।
নাশকতা বন্ধে নতুন বাহিনী গঠনের কথাও বলেন তিনি।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “বেগম জিয়া নির্বাচনে অংশ না নিয়ে রাজনীতিতে হেরে গেছেন। বেগম জিয়াকে বিচারের সম্মুখীন হতেই হবে।”
জাতীয় সমাজতান্ত্রিক দলের হাসানুল হক ইনু সংলাপের সম্ভবনা নাকচ করে বলেন, “খালেদা জিয়া দিশেহারা হয়ে আগুন সন্ত্রাসী হয়ে মানুষ পোড়াচ্ছেন। দানবের সঙ্গে মানবের সন্ত্রাস হতে পারে না।”
“হরতাল আর অবরোধ কাজ করছে না। আছে আতংক। দেশবাসীকে আতংক থেকে মুক্ত করা আমাদের ও জনগণের দায়িত্ব রয়েছে।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, সারা পৃথিবীতে যেভাবে সন্ত্রাসী দমন করা হয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করবে।
বঙ্গবন্ধু স্কয়ারে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী, রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম ও নুরুর রহমান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরের পর থেকে শাহবাগ মোড়ের আশেপাশের এলাকায় আওয়ামী লীগের অংঙ্গ সংগঠন ও ১৪ দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন ।
বিকাল ৩টার দিকে শাহবাগ থেকে মৎস ভবন ও রুপসী বাংলা হোটেল এলাকায় কয়েক হাজার নেতাকর্মীকে মানববন্ধনে অংশ নিতে দেখা গেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক পরিষদ ও চিকিৎসক লীগের নেতাকর্মীরা হাসপাতালের সামনে মানববন্ধনে দাঁড়ায় ।
এছাড়া ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নেতাকর্মীরা বারডেম হাসপাতালের সামনের রাস্তায়, একই রাস্থায় বাসদ, জাসদ, ছাত্রমৈত্রী ও ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।
শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত রাস্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ও বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন, একই সঙ্গে শাহবাগ ও রমনা থানা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।
মৎস্য ভবন মোড়ে সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা কর্মীদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মানববন্ধনে অংশ নেন।
পিডব্লিউডি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মৎস্য ভবনের সামনের রাস্তায় দাঁড়ান প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মৎস্য ভবন থেকে প্রেসক্লাবের রাস্তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অন্যদিকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে ব্যারিস্টার আমিরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু সুপ্রিম কোর্টের সামনের রাস্থায় মানববন্ধনে দাঁড়ান।
