২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার হরতালের বার্তা দিয়ে বিবৃতি

মাঝে সাপ্তাহিক ছুটির দুই দিন বিরতি দিয়ে আবারও বিএনপির নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে ৭২ ঘণ্টার হরতালের বার্তা দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 10:13 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নামে পাঠানো ওই বার্তায় বলা হয়েছে, চলমান অবরোধের মধ্যেই রোববার সকাল ৬ টা থেকে বুধবার সকাল ৬ টা পর্যন্ত হরতাল হবে।

এর আগে গত মঙ্গলবারও একইভাবে ২০ দলের নামে এক বার্তায় হরতাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয়।

সেদিনের মতোই নতুন হরতালের বার্তার নিচে সালাহ উদ্দিন আহমেদের নামে একটি স্বাক্ষর কেটে এনে বসানো হয়েছে। বলা হয়েছে, ২০ দলীয় জোটের নেত্রী খালেদা জিয়ার পক্ষে এই হরতাল ডাকা হয়েছে।

এবারও বিএনপি বা ২০ দলীয় জোটের অন্য কোনো নেতা এ হরতালের বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলেননি।

ক্রসফায়ারের নামে ২০ দলের নেতাকর্মীদের ‘হত্যা ও গণগ্রেপ্তারের’ প্রতিবাদ এবং নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

খালেদা জিয়া ৫ জানুয়ারি সারা দেশে লাগাতার অবরোধ ডাকার আগে ওই দিনই গ্রেপ্তার হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর ‘গোপন স্থান’ থেকে বিবৃতি পাঠিয়ে দলীয় অবস্থান জানানোর পাশাপাশি মাঝেমধ্যে হরতাল ডাকছিলেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত ৩১ জানুয়ারি তিনিও গ্রেপ্তার হলে যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদের নামেই ২০ দলের বক্তব্য-বিবৃতি পাঠানো হচ্ছে।

পুরনো খবর:

হরতালের বার্তা দিয়ে বিবৃতি