হরতালের বার্তা দিয়ে বিবৃতি
বিএনপি-জামায়াত জোটের পক্ষে অজ্ঞাত স্থান থেকে ডাকা হরতাল বাড়ানোর ঘোষণা দিয়ে একটি বার্তা এসেছে সংবাদ মাধ্যমে।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নামে প্রচারিত বার্তায় তার একটি স্বাক্ষর কেটে এনে বসানো হয়েছে।
মঙ্গলবার পাঠানো এই বার্তায় ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত ২০ দলের নামে হরতাল বর্ধিত করার কথা বলা হয়।
বিএনপি বা ২০ দলীয় জোটের অন্য কোনো নেতা-নেত্রী এ নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেননি। বিভিন্ন নেতার নম্বরে টেলিফোন করেও কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
সালাহ উদ্দিন আহমেদের নামে বিবৃতি এলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিবৃতি পাঠানো হয়েছে জি-মেইলের একটি ঠিকানা থেকে।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে অবরোধ চালিয়ে আসছিল বিএনপি জোট। এর মধ্যে গত রোববার থেকে টানা ৭২ ঘণ্টা হরতাল ডেকেছিল তারা।
হরতালের মধ্যে সোমবার দুপুরে মতিঝিল এলাকার চিত্র
এখন সেই কর্মসূচি আরও ৩৬ ঘণ্টা বাড়িয়ে বিবৃতি এল সালাহ উদ্দিনের নামে।
যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর গত শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে যে বিবৃতিটি এসেছিল তা সালাহ উদ্দিন আহমেদের নামে।
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ার পর দলের বিবৃতি-বক্তব্য অজ্ঞাত স্থান থেকে রিজভী দিয়ে আসছিলেন।
দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালে ফখরুল ও রিজভী গ্রেপ্তার হওয়ার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান খান দুদু মুখপাত্রের দায়িত্ব নিয়েছিলেন।
শামসুজ্জামান গ্রেপ্তার হওয়ার পর তখন ওই দায়িত্ব নিয়েছিলেন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন।
এবার রিজভী গ্রেপ্তারের আগে শামসুজ্জামান দুদু গ্রেপ্তার হন।
