২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে বিশ্বাস করা যায় না: হাসিনা

পরীক্ষার মধ্যে অবরোধ-হরতাল দিয়ে শিশুদের ঝুঁকির মধ্যে ফেলায় সংসদে বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে তাকে ‘উম্মাদ’ আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 08:04 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

তিনি বলেছেন, খালেদা জিয়া মানসিক বিকৃতির মধ্যে চলছেন; তাকে বিশ্বাস করা যায় না।

সরকার দলীয় সাংসদ আব্দুল মতিন খসরুর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “হরতালের মধ্যেও পরীক্ষা হতে পারতো। কিন্তু আমার কাছে একটা শিক্ষার্থীর জীবন অনেক গুরুত্বপূর্ণ। বিএনপি নেত্রী খালেদা জিয়ার কোনো হিতাহিত জ্ঞান নেই। কারণ তিনি যে রাজনৈতিক সিদ্ধান্তে ভুল করেছে।

“ভুলের খেসারত তিনি নিজে দিচ্ছেন না, দুর্ভাগ্য হলো- তার ভুলের মাশুল দিতে হচ্ছে দেশের জনগণকে। তিনি এ ধরনের মানসিক বিকৃতির মধ্যে চলছে। তাকে কোনো মতেই বিশ্বাস করা যায় না।”

পরীক্ষা পেছালে শিক্ষার্থীদের অসুবিধা হলেও ঝুঁকির কথা বিবেচনা করে পরীক্ষা পেছাতে হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

“তারা মানসিকভাবে কষ্ট পাবে। তারপরও শিক্ষার্থীদের জীবন অনেক মূল্যবান। তাদের এ আগুনের মধ্যে ঠেলে দেওয়া যায় না।”

এসময় খালেদাকে উন্মাদ আখ্যায়িত করে তিনি বলেন, “খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছেন। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। শিশুদেরকে মারতে দ্বিধা করবে না উনি।”

সময় পরিবর্তন করা হলেও শিক্ষার্থীরা এ অবস্থা মোকাবেলা করে ভালোভাবে পাস করতে পারবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ সময় শিক্ষার্থীদের জন্য নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি।

বিএনএফ চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ সম্পূরক প্রশ্নে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, এবাবে উন্মাদ-পাগলের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?

প্রধানমন্ত্রী বলেন, “যিনি উন্মাদ, যিনি হিংস্র এর দায় তার। এতে কোনো সন্দেহ নেই।”

খালেদা জিয়ার কারণে শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা যাচ্ছে না জানিয়ে শেখ হাসিনা বলেন, “এটা দুর্ভাগ্যজনক।  আশা করবো- তার হিতাহিত জ্ঞান ফিরে আসবে। তার হিংস্র মনোভাব পরিবর্তন হবে। ছোবল দেওয়া বন্ধ হবে। দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, আল্লাহ যেন তাকে সেই সুমতি দেন- এই কামনা।”

সম্পূরক প্রশ্নে সানজিদা খানম ও আব্দুর রহমান প্রমুখও অংশ নেন।

এর আগে বিকেলে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।