২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুভযাত্রার পথে ‘কাঁটা’ খালেদা: মহিউদ্দিন

খালেদা জিয়া বাংলাদেশকে পাকিস্তানের মতো করতে চাইছেন দাবি করে রাজনীতি থেকে তাকে হটানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 08:54 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের মধ্যে বুধবার চট্টগ্রামের দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন বলেন, “জনগণকে সম্পৃক্ত করেই আন্দোলন চলে। কিন্তু জনসম্পৃক্ততাহীন ককটেল ও পেট্রোল বোমা নির্ভর হত্যার ধ্বংসাত্মক কর্মকাণ্ড স্বাধীন দেশে আমরা চলতে দেব না।

“একটি জাতিসত্ত্বার শুভযাত্রার পথে ‍কাঁটা খালেদা জিয়া। এই কাঁটাকে সরানো না হলে এদেশ পাকিস্তান হবে।”

নাশকতার জন্য সরকারকে দায়ী করে খালেদা জিয়া ‘মিথ্যাচার’ করছে দাবি করে মহিউদ্দিন বলেন, “গণমাধ্যমের দায়িত্ব তার এ মিথ্যাচার পরিহার করা এবং তাকে বর্জন করে গণমানুষকে রক্ষা করা।”

নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি সুনীল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রমিক লীগ সভাপতি বখতিয়ার উদ্দিন খান, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

যুবলীগের লাঠি মিছিল

অবরোধ-হরতালের নামে সন্ত্রাস-নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির প্রতিবাদে বন্দর নগরীতে লাঠি মিছিল করেছে যুবলীগ।

বুধবার বিকালে ওয়াসা মোড় সংলগ্ন জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে এ লাঠি মিছিল বের হয়।

মিছিলের আগে এক সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, “সন্ত্রাসী-বোমাবাজ-নাশকতা সৃষ্টিকারীদের বলে দিতে চাই, সীমা লঙ্ঘন করবেন না।

“পাড়ায়, মহল্লায় অবস্থান নিয়ে সন্ত্রাসী-বোমাবাজদের প্রতিরোধ করা হবে। যুবলীগকর্মীরা জানে কিভাবে সন্ত্রাস-নৈরাজ্যের জবাব দিতে হয়।”

সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার ও মাহবুবুল হক সুমন বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে লাঠি মিছিল বেরিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।