যশোরে বিএনপির ১০ নেতাকর্মী আটক
যশোর জেলা বিএনপি অফিস থেকে ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত মিলাদ মাহফিল শেষে তাদের আটক করা হয়।
কোতোয়ালি থানার ওসি ইনামুল হক বিএনপি কার্যালয় থেকে ১০ জনকে আটক করার কথা নিশ্চিত করেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে সোমবার বিকালে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তুলনামূলক বয়োজ্যেষ্ঠ নেতাকর্মীরাই মিলাদে অংশ নিয়েছিলেন।
আটকদের মধ্যে উল্লেখযোগ্য হলেনÑ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদলের সহ-সাধারণ সম্পাদক নূর ইসলাম বুল্লা প্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাদ আছর মিলাদের শুরুতেই কোতোয়ালি থানার ওসি ইনামুল হকের নেতৃত্বে পুলিশ বিএনপি অফিসের সামনে অবস্থান নেয়।
মিলাদ শেষ হলে পুলিশ বিএনপি অফিসে ঢুকে নেতাকর্মীদের আটক করতে থাকে। এ সময় কিছু নেতাকর্মী পুলিশের হাত গলিয়ে বেরিয়ে যান। বাকি ১০ জনকে ধরে থানায় নেয় পুলিশ।
