নাদিম মোস্তফা রিমান্ডে
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ নাদিম মোস্তফাকে বিস্ফোরক আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
সোমবার ভোরের দিকে ঢাকার গুলশানের বাসা থেকে রাজশাহী বিএনপির সভাপতি নাদিমকে আটক করে নিয়ে যায় র্যাব।
এরপর গুলশান থানা পুলিশ বিকালে তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করে।
নাদিমকে বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান গুলশান থানার এসআই বারিক।
মহানগর হাকিম আসাদুজ্জামান নূর শুনানি শেষে নাদিমকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
নাদিমের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ডের বিরোধিতা করলেও জামিনের কোনো আবেদন আদালতে তোলা হয়নি।
গত ১০ জানুয়ারি গুলশানের ১৬ নম্বর সড়কের ৩ নম্বর বাসার ফটকে বোমাবাবাজির ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনে দুই দিন পর গুলশান থানায় এ মামলা করে পুলিশ।
ওই ঘটনায় মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে বিএনপির বিশেষ সম্পাদক নাদিম মোস্তফার বিরুদ্ধে।
এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় সদস্য বেলাল আহমেদ ও মনিরুল হককেও এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।
