জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনে বাধার অভিযোগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শেরেবাংলা নগরে তার কবরে শ্রদ্ধা নিবেদনে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।
সংসদ ভবনের পেছনের সড়কে জিয়ার কবরে প্রবেশের মূল ফটকে সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কের দুই মাথায় ব্যারিকেড বসিয়ে আটকে দেওয়া হয়েছে গাড়ি চলার পথ।
কাছেই পুলিশের জলকামানের গাড়ি, প্রিজন ভ্যান ও এপিসি প্রস্তুত থাকতে দেখা গেছে।
বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা সকাল থেকে দল বেঁধে চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে এলেও তাদের ফিরে যেতে হয়। পরে পুলিশ কয়েকজন নেতাকে এককভাবে ভেতরে প্রবেশের সুযোগ দেয়।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সাংবাদিকদের বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে আমরা তার কবরে শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলাম। সেই কবর জিয়ারতে সরকার বাধা দিয়েছে- এটা কেমন গণতন্ত্র? আমরা এহেন কার্যক্রমের নিন্দা জানাচ্ছি।”
তেজগাঁও পুলিশের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, “বিকালে সংসদ অধিবেশন শুরু হচ্ছে বলে নিরাপত্তার স্বার্থে এ এলাকায় সভা-সমাবেশ, জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তাই এখানে কাউকে দলবদ্ধভাবে পদযাত্রা করে যেতে দেওয়া হবে না। কেউ ব্যক্তিগতভাবে জিয়াউর রহমান সাহেবের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যেতে চাইলে একা যেতে পারবেন।”
পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সকাল থেকে বিক্ষিপ্তভাবে কয়েক শ’ নেতা-কর্মীকে ফুল ও ব্যানার হাতে চন্দ্রিমা উদ্যান ও বিজয় সরণীর মোড়ে জড়ো হতে দেখা যায়।
সকাল সাড়ে ১০টার আগে দেয়াল টপকে কিছু নেতা-কর্মী কবর প্রাঙ্গণে প্রবেশ করেন। সব মিলিয়ে ২০/৩০ জন সেখানে ছিলেন, যাদের মধ্যে মহিলা দলের কর্মীই বেশি ছিলেন বলে আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহমুদ জানান।
বেলা পৌনে ১১টার দিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, খোন্দকার আবদুল হামিদ ডাবলু, মহিলা দলের ঢাকা মহানগর সভাপতি সুলতানা আহমেদসহ কয়েকজন বিএনপির পক্ষ থেকে আনা পুস্পস্তবক অর্পণ করে চলে যান। তারা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতও করেন।
পরে মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, জাসাস সভাপতি এম এ মালেক, মহিলা দলের মহানগর সভাপতি সুলতানা আহমেদ, বিলকিস ইসলাম শিরিন, বিলকিস ইসলাম, সাইমুম বেগম, ফরিদা মনি শহীদুল্লাহ শাহনাজ বেগম, জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আবুল হাশেম রানা, স্বেচ্ছাসেকক দলের যুগ্ম সম্পাদকআমিনুল ইসলাম, কৃষক দলের শাহজাহান মিয়া সম্রাট, মনিরুজ্জমান মনিরসহ কয়েকজন নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মহিলা দলের কর্মীরা জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে বিভিন্ন শ্লোগানও দেন। বেলা ১২টার আগে আগে পুলিশ তাদের সেখান থেকে বের করে দেয়।
জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাস কবর প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির জন্য প্যান্ডেল করলেও পুলিশ সেখানে চিকিৎসকদের আসতে দেয়নি বলে অভিযোগ করেন সংগঠনের সভাপতি আবুল হাশেম রানা।
গত ১৫ দিন গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার অফিসের সামনে থেকে রোববার গভীর রাতে পুলিশি পাহারা সরিয়ে নেওয়া হলেও তিনি স্বামীর জন্মদিনে আসেননি।
বাংলাদেশ সেনা বাহিনীর সাবেক জেনারেল জিয়া ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহন করেন।
সামরিক বাহিনীতে থাকা অবস্থায় ১৯৭৮ সালে তার তত্ত্বাবধানেই বিএনপির প্রতিষ্ঠা হয়। রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল সেনা কর্মকর্তার হাতে নিহত হন জিয়া।
