জিয়ার জন্মদিনে বিএনপির সংক্ষিপ্ত কর্মসূচি
লাগাতার অবরোধের মধ্যে থাকা বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন এবার সংক্ষিপ্ত পরিসরে পালন করবে।
সোমবার জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে তিনি জন্মগ্রহন করেন।
প্রতিবছর বিএনপি কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা, কবরে ফুল দেওয়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা নানা কর্মসূচিতে দিনটি পালন করলেও এবার ব্যতিক্রম ঘটছে।
রোববার দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১১টায় শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি কবরে জ্যেষ্ঠ নেতারা ফুল দেবেন। এটাই একমাত্র কেন্দ্রীয় কর্মসূচি।
গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় গত ৫ জানুয়ারি অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পুলিশ বেষ্টিত ওই কার্যালয়েই রয়েছেন তিনি। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়েও ঝুলছে তালা।
প্রতিবার জন্মদিনে জিয়ার কবরে ফুল দিতে খালেদা জিয়া নিজে শেরে বাংলা নগরে গেলেও এবার যাচ্ছেন না।
তার প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, “বিএনপি নেত্রী গুলশানে অবরুদ্ধ হয়ে আছেন। নানা প্রতিকূলতার মধ্যেও এবার প্রয়াত রাষ্ট্রপতি, দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিন পালনে দলীয় কর্মসূচি হবে। বিভিন্ন অঙ্গ সংগঠনও পৃথক পৃথকভাবে কর্মসূচি করবে।”
