২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৯ সালের আগে নির্বাচন নয়: নাসিম

বিএনপির সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে ২০১৯ সালের আগে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 08:35 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

তিনি বলেন, “আলোচনা হয় ভালোর সঙ্গে ভালোর, আলোর সঙ্গে অন্ধকারের নয়। যারা সন্ত্রাসী তৎপরতা চালিয়ে দেশের  মানুষকে হত্যা করছে, তাদের সঙ্গে আলোচনার অর্থই হচ্ছে জনগণকে অবমূল্যায়ন করা।”

রোববার বিকালে পলাশবাড়ী উপজেলা ১৪ দল আয়োজিত নাশকতা ও সন্ত্রাস বিরোধী এক জনসভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

২০১৯ সালের আগে এদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না জানিয়ে নাসিম বলেন, এ ব্যাপারে কারও সঙ্গে কোনো আলোচনা করারও আগ্রহ ১৪ দলীয় জোটের নেই।

গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের আগের সংহিসতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ওই সময় গাইবান্ধায় বিএনপি-জামায়াত জোট ৭ জনকে খুন করেছে। খালেদা জিয়া ওই সময় জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন বানচাল করতে চেয়েছিলেন।

তারা নির্বাচনে অংশ না নিয়ে প্রিজাইডিং অফিসার, পুলিশ, বিজিবিসহ একের পর এক সাধারণ মানুষকে হত্যা করেছে। কিন্তু এতকিছু করেও খালেদা জিয়া ও তার দোসররা নির্বাচন ঠেকাতে পারেননি।

অবরোধ হরতালের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পলাশবাড়ীসহ সারা দেশে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান মো. নাসিম।

জনসভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গাইবান্ধা-৩  আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকার, গাইবান্ধা-জয়পুরহাট সংরক্ষিত আসনের মহিলা সাংসদ উম্মে কুলসুম স্মৃতি, পলাশবাড়ী উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর প্রধান, যুগ্ম সম্পাদক একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ প্রমুখ।