গোপালগঞ্জে তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গোপালগঞ্জের একটি আদালত।
সোমবার গোপালগঞ্জ বিচারিক হাকিম আদালতে মানহানির মামলাটি দায়ের করেন মুকসদুপুর উপজেলার খান্দাপাড় গ্রামের লাভলু শেখ।
মামলার বাদীপক্ষের আইনজীবী মুন্সী আতিয়ার রহমান জানান, শুনানি শেষে মামলাটি গ্রহণ করে তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক দেবদাস চন্দ্র অধিকারী।
গত ১৫ ডিসেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অশালীন মন্তব্য করেন বিএনপি নেতা তারেক।
এরপর দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়।
