মামলায় বিএনপি-জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
জয়পুরহাটে অবরোধে একটি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগের অভিযোগের ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।
রোববার রাতে সদর ও পাঁচবিবি থানায় পুলিশ বাদী হয়ে করা এ তিন মামলায় বিএনপি-জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ দলীয় জোটের টানা অবরোধে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় একটি রড় বোঝাই ট্রাকে অবরোধকারীরা অগ্নিসংযোগ করে।
জয়পুরহাট-আক্কেলপুর সড়কের দাদরা জৈন্তিগ্রাম এলাকায় মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাকেও আগুন ধরিয়ে দেয়।
এছাড়া জয়পুরহাট শহরের বাজলা স্কুলের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচে আগুন ধরিয়ে দিলে বাসটি পুড়ে ভস্মীভূত হয়।
এসব নাশকতায় রোববার রাতে সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম ও উপ পরিদর্শক আব্দুস সালাম বাদী হয়ে দুটি মামলা করেন।
এ দুই মামলায় বিএনপি জামায়াতের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের ৪০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, জয়পুরহাট-পাঁচবিবি সড়কের শিমুলতলী এলাকায় কয়লা বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করলে ট্রাকটিতে আগুন ধরে যায়।
এ ঘটনায় পাঁচবিবি থানায় বিএনপি-জামায়াতের অজ্ঞাত পরিচয়ের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে জানান পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল।
এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
