২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ম্যাডাম বলেছেন, অমিত শাহর সঙ্গে কথা হয়েছে’

বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ নিজে অস্বীকার করলেও তার সঙ্গে খালেদা জিয়ার টেলিফোন আলোচনা নিয়ে অবস্থানের কোনো নড়চড় হয়নি বিএনপির।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 12:37 AM

Updated : 22 Aug 2022, 11:27 AM

রোববার গুলশানের কার্যালয়ে খালেদার সঙ্গে দেখা করে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া আগের কথাই বলেন, যা একদিন আগে বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব বলেছিলেন।

অমিত শাহর সঙ্গে কথিত টেলিফোন আলাপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে রফিকুল কিছুটা হেসে বলেন, “আমরা এ বিষয়ে ম্যাডামকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি (খালেদা) বলেছেন, উনার সঙ্গে কথা হয়েছে।”

প্রেসসচিব মারুফ কামাল বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে দাবি করেন যে বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনকে টেলিফোন করে তার খোঁজ-খবর নিয়েছেন ভারতের ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট অমিত শাহ।

তার ওই বক্তব্য ভিত্তিহীন বলে আওয়ামী লীগ নেতাদের দাবি এবং খালেদাকে নিয়ে যুক্তরাষ্ট্রের সংসদ সদস্যদের একটি বিবৃতি ভুয়া বলে প্রমাণিত হওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম অমিত শাহর সঙ্গে যোগাযোগ করে।

অমিত শাহ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদার সঙ্গে টেলিফোনে কথা বলার খবরটি ‘ভুয়া’ বলে উড়িয়ে দেন।   

এরপর মারুফ কামাল শনিবার রাতে এক বিবৃতিতে বলেন, “আমার দেওয়া খবর একশ ভাগ সঠিক।”

তিনি দাবি করেন, অমিত শাহর সঙ্গে খালেদা জিয়ার টেলিফোন আলাপ তার উপস্থিতিতেই হয়েছে।

অমিত শাহের টেলিফোন নিয়ে আলোচনার মধ্যে অবরুদ্ধ খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের একটি বিবৃতি প্রকাশ হয়েছিল যুক্তরাজ্যের একটি সংবাদপত্রে, যা ভুয়া বলে ধরা পড়ে।

এ দুটি বিষয় নিয়ে বিএনপির তীব্র সমালোচনায় মুখর আওয়ামী লীগের নেতারা। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী রোববার সাংবাদিকদের বলেন, “বিএনপি ফোর টোয়েন্টি দল।”

পুরনো খবর:

বিএনপি ‘ফোর টোয়েন্টি’ দল: মতিয়া
খালেদার সঙ্গে কথা হয়নি: অমিত শাহ
‘১০০% সঠিক খবর’, এখনও দাবি খালেদার প্রেসসচিবের