আওয়ামী লীগকে ঢাকায় সমাবেশের অনুমতি পুলিশের
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পুলিশের অনুমতি পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (রমনা) আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।”
৫ জানুয়ারি বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির উত্তেজনায় ঢাকা মহানগরীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল পুলিশ।
আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেওয়ার মধ্য দিয়ে কার্যত সেই নিষেধাজ্ঞা শিথিল হল। বিএনপি অবশ্য অভিযোগ করে আসছে, তাদের বেলায়ই শুধু সমাবেশের অনুমতি দেওয়া হয় না।
নিষেধাজ্ঞার মধ্যে সমাবেশের কর্মসূচি ঘোষণা করলেও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছিলেন, অনুমতি নিয়েই তারা সমাবেশ করবেন।
পুলিশ অনুমতি দেওয়ার আগে রোববার সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিএমপির অনুমতি নিয়েই আমরা সমাবেশ করব, অনুমতি ছাড়া কিছু করব না।”
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি শনিবার ঢাকায় আওয়ামী লীগের এই সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ব ইজতেমার কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
এই সমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশ সফল করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোও প্রস্তুতি নিয়েছে।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের মধ্যেই ক্ষমতাসীন দল এই সমাবেশ করতে যাচ্ছে।
৫ জানুয়ারি কর্মসূচি পালন করতে না পারার পর সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিক্ষিপ্ত বোমাবাজি ও গাড়ি পোড়ানোর মধ্য দিয়ে সেই কর্মসূচি চলছে।
