ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
পাঁচ জানুয়ারি পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে ঢাকা মহানগরে সব ধরনের মিছিল, সভা, সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ।
রোববার ঢাকা মহানগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “ঢাকা মেট্রোপলিটন এলাকায় আগামীকাল সোমবার ৫ জানুয়ারি ২০১৫ খ্রিঃ তারিখ কয়েকটি দলের পাল্টাপাল্টি সভা-সমাবেশের কর্মসূচি রয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমার নিকট এই মর্মে প্রতীয়মান হয়েছে যে, এ ধরনের মিছিল সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালিত হলে অন্তর্ঘাতমূলক কার্যক্রম ও সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যাতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা বিরাজমান।”
পুলিশ বলছে, বিকাল ৫টা থেকে ঢাকা মহানগর এলাকায় কোনো ধরনের মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণ অবস্থান, সভা-সমাবেশ, মিছিল চলবে না। লাঠি-ছড়ি, বিস্ফোরক বা কোনো আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না।
গতবছর ৫ জানুয়ারি বিএনপি ও শরিকদের বর্জনে ব্যাপক সহিংসতার মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হয়, যাতে নির্বাচিত হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।
ক্ষমতাসীন দলটি এ বছর দিনটি ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ এবং বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে পালনের জন্য ঢাকায় কর্মসূচি দিলে তৈরি হয় উত্তেজনা।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, তারা যে কোনো মূল্যে সোমবার ঢাকায় জনসভা করবে। অন্যদিকে একই দিনে ঢাকার ১৬টি স্থানে সমাবেশের কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপিকে মাঠে নামতে দেওয়া হবে না।
এই পরিস্থিতিতে নতুন করে রাজনৈতিক সংঘাতের আশঙ্কায় ব্যবসায়ীদের পক্ষ থেকেও আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার আহ্বান আসে।
এরই মধ্যে শনিবার রাতে নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়ে সেখানে তালা লাগিয়ে দেয় পুলিশ। ‘হঠাৎ অসুস্থ’ হয়ে পড়া বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে বিএনপি অফিস থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয় থেকে নয়া পল্টনে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে তাকে অফিসেই রাত কাটাতে হয়।
রোববারও নিজের কার্যালয়ে কার্যত অবরুদ্ধ হয়ে আছেন খালেদা জিয়া। বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব তার অফিস ঘিরে রেখেছে। সাংবাদিকদেরও সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এদিকে সকাল থেকেই বরিশাল, মুন্সীগঞ্জ, রাজশাহী, রংপুরসহ বিভাগীয় ও জেলা শহরগুলো থেকে ঢাকামুখী বাস ও লঞ্চ চলাচল কার্যত বন্ধ রয়েছে। মালিকপক্ষ যানবাহন বন্ধ রাখায় যাত্রীরা পড়ছেন চরম বিপাকে।
পুলিশ যানবাহন চলাচলে কোনো নিষেধাজ্ঞার কথা স্বীকার না করলেও লঞ্চ ও পরিবহন মালিকদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘ওপরের নির্দেশে’ তারা ঢাকার দিকের যাত্রী পরিবহন বন্ধ রেখেছেন।
