২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে অনুমতি ‘পুলিশের ব্যাপার’

আগামী ৫ জানুয়ারি ঢাকায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়াতে পুলিশকে দেখিয়ে দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 06:02 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের পাল্টাপাল্টি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে শনিবার গাজীপুরে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি।

বিএনপিকে এখনও জনসভার অনুমতি না দেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “সেটা পুলিশের ব্যাপার। ডিএমপি কমিশনারই জানেন, কাকে সভার অনুমতি দিতে হবে, কাকে না দিতে হবে। এটা উনার সিদ্ধান্ত।”

ওই সমাবেশের অনুমতি চেয়ে আবেদনের পর শনিবার সকালে দ্বিতীয় দফায় ঢাকায় ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের সঙ্গে দেখা করতে গিয়ে বিফল হন বিএনপি নেতারা।

বিএনপি নেতাদের জানানো হয়, ডিএমপি কমিশনার গাজীপুরে ইজতেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছেন বলে সময় দিতে পারছেন না।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের কার্যালয়ে বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা সভায় যোগ দেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

বিএনপি ইতোমধ্যে হুমকি দিয়েছে, অনুমতি না পেলেও সমাবেশ করবে তারা। অন্যদিকে ক্ষমতাসীন ১৪ দলের নেতারাও তাদের রাজপথে মোকাবেলার হুমকি দিয়েছে।

বিএনপিকে অনুমতি দেওয়া, না দেওয়ার বিষয়ে পুলিশের স্পষ্ট কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

অন্যদিকে ঢাকার ১৬টি সংসদীয় আসনের প্রতিটিতে ৫ জানুয়ারি সোমবার সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন ১৪ দল।

বিএনপির সমাবেশের বিষয়ে আসাদুজ্জামান খাঁন বলেন, “এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। তারা কী করবে, সেটা তো আমাদের কোনো ব্যাপার নয়।”

“আমাদের কথা হলো, যে-ই আইনশৃঙ্খরা ভঙ্গ করতে চেষ্টা করবে, সেখানেই আমরা সচেষ্ট হব, নাশকতা করার প্রয়াস হলে আমরা তা প্রতিহত করব।”

শান্তিপূর্ণ রাজনৈতিক কোনো কর্মসূচিতে বাধা না দেওয়ার ইঙ্গিত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমি একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই সেটা হল- রাজনৈতিক দল তাদের কর্মসূচি দেবে। সেগুলো যদি অন্য লোকদের ডিস্টার্ব করে কিংবা জ্বালাও-পোড়াওয়ের ঘটনা আসে, নাশকতা আসে, সেখানে আমাদের কিছু করণীয় আছে।”

পুরনো খবর:

‘নাশকতার আশঙ্কা থাকলে বিএনপিকে অনুমতি নয়’