‘নাশকতার আশঙ্কা থাকলে বিএনপিকে অনুমতি নয়’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নাশকতার আশঙ্কা থাকলে ৫ জানুয়ারি ঢাকায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।
বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অষ্টম হজ ও ওমরা মেলা উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশ্নর জবাবে একথা বলেন তিনি।
৫ জানুয়ারির নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে বছর পূর্তিতে ওই দিনে সারাদেশে সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জনসভা করতে পুলিশের অনুমতি চেয়েছে দলটি।
অন্যদিকে ওই দিনটি ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে রাজপথে সেদিন যে কোনো নাশকতা মোকাবেলার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
পুলিশ বিএনপির জনসভা নিয়ে টালবাহানা করছে বলে আগের দিন অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জনসভার অনুমতির বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী কামাল বলেন, “যদি নাশকতার আশঙ্কা থাকে সেক্ষেত্রে সমাবেশ করার অনুমতি পাবে না। এ বিষয়ে আইনশৃ্ঙ্খলা বাহিনী কাজ করছে।”
পুলিশের অনুমতি না পেলেও বিএনপির জনসভা করার ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “তারা (বিএনপি) সমাবেশ করলে করবে। তবে সব কিছু আইনশৃঙ্খলা বাহিনী দেখছে।
“মাত্র তো ২ তারিখ, সময় তো আরো আছে।”
হজের নামে মানব পাচারের অভিযোগ নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে হজে পাঠানোর ব্যাপারে দালাল- প্রতারকদের কথা শোনা গেলেও সুনির্দিষ্ট কোনো অভিযোগ তাদের কাছে আসেনি।
এ বিষয়ে কেউ তথ্য দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
