লক্ষ্মীপুরে সোমবার ছাত্রলীগের হরতাল
জেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে সোমবার লক্ষ্মীপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনটির পদবঞ্চিত নেতাদের অংশ।
রোববার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আলম।
এর আগে আশরাফুল আলমের নেতৃত্বে তার অনুসারীরা শহরে একটি মোটরসাইকেল মিছিল করে এবং আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে।
শনিবার রাতে মাহমুদুন্নবী সোহেলকে সভাপতি, আশরাফুল আলমকে সহ-সভাপতি, রাকিব হোসেন লোটাসকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আশরাফুল আলমের সমর্থকরা মোটরসাইকেল মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন তারা।
এ সময় তারা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে এবং লক্ষ্মীপুর সরকারি কলেজে তালা দেয়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সালাউদ্দিন জানান, তারা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
লক্ষ্মীপুরের এএসপি (সার্কেল) নাসিম মিয়া জানান, “ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ করে বলে আমরা জেনেছি, তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।”
এর প্রতিবাদে সোমবার লক্ষ্মীপুর জেলায় সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডাকা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ মাহবুব শরীফ, সহ-সভাপতি রাজিব দেবনাথ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ প্রমুখ।
জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মাহমুদুন্নবী সোহেল এ ব্যাপারে বলেন, ছাত্রলীগ একটি বড় সংগঠন। এখানে পদের জন্য প্রার্থী অনেকেই থাকে। এটা সাময়িক, পরে ঠিক হয়ে যাবে।
