‘যুক্তরাষ্ট্রে নতুন ষড়যন্ত্রে বিএনপি’
মার্কিন কংগ্রেসম্যানদের ‘বানোয়াট’ বিবৃতি প্রচার এবং বিজেপি সভাপতির সঙ্গে খালেদা জিয়ার ‘মিথ্যা’ ফোনালাপের মত কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বন্ধুহীন করার চক্রান্তে লিপ্ত বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার নিউ ইয়র্কের ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিট আওয়ামী লীগের এক আলোচনা সভায় জ্যেষ্ঠ সহসভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল এবং বিজেপির সভাপতির সঙ্গে টেলি সংলাপের নির্লজ্জ মিথ্যাচারের তথ্য ফাঁস হওয়ার পর বিএনপি এখন মাঠে নেমেছে আরো জঘন্য মিথ্যা তথ্যের সিডি এবং লিফলেটের প্যাকেট নিয়ে।
“এই প্যাকেট ঢাকা থেকে লন্ডন হয়ে নিউ ইয়র্কে বিএনপির নেতাদের কাছেও এসেছে। নিউ ইয়র্কে চিকিৎসার নামে আত্মগোপন করে থাকা দুর্নীতির মামলায় অভিযুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে অপপ্রচারের ওই প্যাকেট বিতরণ প্রক্রিয়ার সমন্বয় ঘটাচ্ছেন।”
তিন দিন আগে গ্রেপ্তার হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর তৈরি করা সরকারের ‘ভাবমূর্তি বিপন্নকারী তথ্য সংবলিত ওই প্যাকেট’ নিয়ে সাদেক হোসেন খোকা বিএনপির বিভিন্ন গ্রুপের সঙ্গে বৈঠক করেছেন বলে দাবি করেন সভার প্রধান বক্তা যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী।
বিএনপিনেত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার নিন্দা জানিয়ে মার্কিন কংগ্রেসম্যানদের ‘বিবৃতি’ এবং খালেদা-বিজেপিনেতা অমিত শাহর ফোনালাপ নিয়ে ব্যাপক আলোচানার মধ্যে এই অভিযোগ তুললেন তিনি।
দশম সংসদ নির্বাচনের বছর পূর্তির দিনে কর্মসূচি ঘোষণার পর গত ৩ জানুয়ারি থেকে গুলশানে নিজের কার্যালয় অবরুদ্ধ আছেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনকে আটকে রাখার নিন্দা জানিয়ে বৃহস্পতিবার ছয় মার্কিন কংগ্রেসম্যানের স্বাক্ষরিত একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় প্রথম আলো, নয়াদিগন্ত, ইউএনবিসহ বিভিন্ন গণমাধ্যমে। ওই বিবৃতি ‘বানোয়াট’ ছিল বলে পরে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এড রয়েস ও কমিটির সদস্য এলিয়ট অ্যাঙ্গেল।
গত সোমবার কর্মসূচিতে যোগ দিতে কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করেও পারেননি খালেদা জিয়া। সে সময় তার সঙ্গে থাকা বিক্ষুধ্ব নেত্রীদের থামাতে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করলে খালেদা জিয়াও তাতে অসুস্থ হয়ে পড়েন।
এরপর অনেকেই নানাভাবে তার স্বাস্থ্যের খবর নিয়েছেন। ভারতের ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহও টেলিফোনে খালেদার খবর নিয়েছেন বলে গত বৃহস্পতিবার জানিয়েছিলেন বিএনপিনেত্রীর প্রেস সচিব মারুফ কামাল খান। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং পরে অমিত শাহ নিজেও খালেদার সঙ্গে ফোনালাপ হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
আওয়ামী লীগ নেতা জাকারিয়া চৌধুরী বলেন, “বাংলাদেশের ও প্রবাসীদের যে কোনো প্রয়োজনে আমরা মার্কিন কংগ্রেসম্যানদের কাছে যাই এবং নানাভাবে তারা আমাদের পাশে দাঁড়ান।
“কিন্তু বিএনপির বৈদেশিক বিষয়ক বিশেষ দূত ও চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা জাহিদ সরদার সাদী কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল করায় মার্কিন বন্ধুরা বাংলাদেশিদের আগের মত বিশ্বাস করতে চাইবেন না। অর্থাৎ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যে বিএনপি বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বন্ধুহীন করার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে।”
প্রধান অতিথি নিউ ইয়র্ক আওয়ামী লীগের সভাপতি নূরনবী বলেন, “হত্যা, ষড়যন্ত্র ও মিথ্যাচারের মধ্য দিয়ে সেনা ছাউনিতে জন্ম নেওয়া বিএনপির সাম্প্রতিক দেশবিরোধী ষড়যন্ত্রে আজ আন্তর্জাতিক মহলও বিব্রত। বিএনপির এহেন ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার স্বার্থে।”
চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইসমত হক খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমিনুল হক সুমনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবুল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন আজাদ, প্রজন্ম একাত্তরের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শিবলী সাদিক শিবলু, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মশিউল আলম জগলু, আওয়ামী লীগ নেতা মোবাশ্বের মিয়া, আব্দুল জলিল, মোস্তফা কামাল, মোস্তফা কামাল মানিক, আবুল কাশেম প্রমুখ।
