২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেসম্যানদের বিবৃতি ‘ভুয়া’, প্রশ্ন ফোনালাপ নিয়েও

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের নামে পাঠানো এক ‘ভুয়া’ বিবৃতির ভিত্তিতে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দুই কংগ্রেসম্যানের ক্ষোভ প্রকাশের দিনই খালেদা জিয়ার সঙ্গে অমিত শাহ’র কথিত ফোনালাপ নিয়ে প্রশ্ন উঠেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 04:21 AM

Updated : 22 Aug 2022, 11:27 AM

এ বিষয়ে সমালোচনায় মুখর হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, যদিও বিএনপির দাবি, বিজেপি প্রেসিডেন্টের ফোনালাপ নিয়ে ‘বিভ্রান্তি ছড়ানোর’ চেষ্টা চলছে।

প্রথম আলো, নয়া দিগন্ত, ইউএনবিসহ বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম বৃহস্পতিবার রাতে মার্কিন কংগ্রেস সদস্যদের নামে একটি বিবৃতির খবর প্রকাশ করে।  এড রয়েস ও এলিয়ট অ্যাঙ্গেলসহ ছয় কংগ্রেস সদস্যের নাম উল্লেখ করে এসব প্রতিবেদনে বলা হয়, তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করা এবং তার ছেলে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছেন।

রয়েস ও অ্যাঙ্গেল ছাড়াও রিপাবলিকান দলীয় কংগ্রেস সদস্য স্টিভ শ্যাবট, জর্জ হোল্ডিং ও ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জোসেফ ক্রাউলি ও গ্রেস মেং ওই বিবৃতিতে সই করেছেন বলে দাবি করা হয়।

প্রতিবেদন প্রকাশের ৪০ মিনিটের মাথায় ইউএনবি তা প্রত্যাহার করে নেয়।

এরপর শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এড রয়েস ও কমিটির সদস্য এলিয়ট অ্যাঙ্গেল এক বিবৃতিতে বলেন, ছয় কংগ্রেস সদস্যের নামে ৭ জানুয়ারির যে বিবৃতির বরাত দিয়ে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা ‘বানোয়াট’।

“পররাষ্ট্র বিষয়ক কমিটি ও কংগ্রেস সদস্যদের অনেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এলেও কমিটি বা কোনো সদস্য এ ধরনের কোনো বিবৃতি দেননি।”

কোনো পক্ষের ‘রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য’ যুক্তরাষ্ট্র কংগ্রেসের নামে ‘ভুয়া বিবৃতি ব্যবহার’ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলেও তারা উল্লেখ করেন।

কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য গ্রেস মেংয়ের কার্যালয় থেকেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানানো হয়, এ ধরনের কোনো বিবৃতির বিষয়ে তাদের জানা নেই।

এই ‘বানোয়াট’ বিবৃতি ছড়ানোর জন্য বিএনপিকে দায়ী করে শুক্রবার রাতে ফেইসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, “বাংলাদেশে ‘অন্য’ একটি রাজনৈতিক দল (বিএনপি) কী ধরনের কুটিল হতে পারে। তারা মার্কিন কংগ্রেস সদস্যদের নামে একটি তথাকথিত বিবৃতির জাল খসড়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।”

জয়ের ভাষায়, বিএনপি “একটি গ্রহণযোগ্য রাজনৈতিক দল নয়, এরা হচ্ছে একদল জুয়াচোর!”

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার সঙ্গে বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ’র যে ফোনালাপের খবর জানিয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন ওঠে ভারতের ক্ষমতাসীন দলটির কয়েকজন নেতা বিষয়টি অস্বীকার করার পর। 

ওই ব্রিফিংয়ে মারুফ কামাল বলেছিলেন, ৫ জানুয়ারি পেপার স্প্রের কারণে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজ-খবর নিতে বুধবার রাতে ফোন করেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ।

তিনি খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেন বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব।

কিন্তু বিজেপির পশ্চিমবঙ্গ শাখার অন্যতম মুখপাত্র যশদীপ ভৌমিক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অমিত শাহজি কেন ফোন করতে যাবেন? বাংলাদেশের যা ঘটছে তা তো একান্তই তাদের অভ্যন্তরীণ বিষয়।

“তাছাড়া ঢাকায় এখন যারা সরকারে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক যথেষ্ট বন্ধুত্বপূর্ণ”, বলেন তিনি।

বিজেপির কেন্দ্রীয় নেতা বলবীর পুঞ্জও বলেন, এরকম কোনো টেলিফোন আলাপের কথা তার জানা নেই।

এরই মধ্যে বিষয়টি নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

গণমাধ্যমের খবর অনুযায়ী, বিজেপি সভাপতির পক্ষ থেকে খালেদাকে যে ফোন করা হয়নি, সে বিষয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলে ‘নিশ্চিত হয়েছেন’ বলে সংবাদ সম্মেলনে দাবি করেন হানিফ।

বিএনপির ‘এ ধরনের মিথ্যাচারে’ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তবে ফোনালাপ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ অস্বীকার করে ‘বিভ্রান্তি সৃষ্টির’ পাল্টা অভিযোগ এনেছেন মারুফ কামাল খান।

শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা দৃঢ়তার সঙ্গে সকলকে আবারো জানাতে চাই সংবাদ মাধ্যমে গতকাল আমাদের দেওয়া তথ্য সম্পূর্ণ সঠিক।”

তার ভাষায়, অমিত শাহ কিংবা তার অধীনস্ত সংশ্লিষ্ট কারো কাছ থেকে সত্যতা নিরূপণ না করে ‘অজ্ঞাতনামা কূটনৈতিক বা অন্য কোনো সূত্রের বরাত দিয়ে’ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা অনভিপ্রেত।

“বিজেপি প্রধান সরাসরি টেলিফোন আলাপে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কুশলাদি সম্পর্কে অবহিত হয়েছেন। এ নিয়ে ভিত্তিহীন দাবির কোনো অবকাশ যেমন নেই, তেমনই এ সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টাও উদ্দেশ্যমূলক।’’

প্রতিবেশী দুই দেশের দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের মধ্যে টেলিফোন আলাপ একটি ‘প্রত্যাশিত ও স্বাভাবিক’ ঘটনা বলেও তিনি মন্তব্য করেন।