সহিংসতার অচলায়তন ভাঙতে হবে: ব্রিটিশ হাইকমিশনার
৫ জানুয়ারির নির্বাচন ঘিরে চলমান সহিংসতার বৃত্ত ভেঙে বেরিয়ে আসার লক্ষ্যে সংলাপে অংশ নিতে ‘সব পক্ষের’ প্রতি আবারও আহ্বান জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
তিনি বলেন, দশম নির্বাচনের প্রথম বর্ষপূর্তির দিন ঘিরে গত কয়েক দিনের প্রাণহানিতে এবং দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটায় তিনি ‘খুবই দুঃখিত’।
“এই বাধাবিঘ্ন ও সহিংসতার চক্র ভাঙার চেষ্টায় বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমি শুরু থেকেই রাজনৈতিক সব মহলের কাছে আহ্বান জানিয়েছি।”
বৃহস্পতিবার রাজধানীতে জ্বালানি সম্পর্তি একটি সফটওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
‘বাংলাদেশ ২০৫০ এনার্জি পাথওয়েজ ক্যালেন্ডার’ (বিডি২০৫০) নামে এই সফটওয়ারের মাধ্যমে বাংলাদেশে জ্বালানির উৎস বাছাইয়ের ভবিষ্যত প্রভাব পরিমাপ করা যাবে।
উদ্বোধনীর পর ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তির দিন থেকে চলমান অস্থিরতা নিয়ে তার মন্তব্য জানতে চান সাংবাদিকরা।
দুই প্রধান দলের মধ্যে সংলাপের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে হাই কমিশনার বলেন, সংলাপ বলতে তিনি শুধু বড় দুদলের মধ্যেকার কথা বুঝাননি; সুশীল সমাজসহ রাজনীতির ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের কথা বলেছেন তিনি।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান ‘পলাতক’ তারেক রহমানের বক্তব্য প্রকাশে হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাজ্যে গণমাধ্যম নীতিমালা ‘খুবই কঠোর ও জটিল বিষয়’।
“আমরা বাক স্বাধীনতাকে সমর্থন করি, গণমাধ্যমের স্বাধীনতাকেও সমর্থন করি। কিন্তু বাক স্বাধীনতারও দায়িত্ব আছে।
হাইকমিশনার বলেন, “যুক্তরাজ্যসহ যেকোনো দেশে ওই দ্বায়িত্ব ভারসাম্য রেখে পালন করা খুবই কঠিন।”
