২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বক্তব্যে বিএনপির আন্দোলন ব্যর্থ: খাদ্যমন্ত্রী

লন্ডনে বসে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উল্টাপাল্টা বক্তব্যের কারণেই দলটি আন্দোলনে সফল হচ্ছে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 06:40 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুরে যাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্ধোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপির আন্দোলন কবরের মধ্যে ঢুকে গেছে বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।

কামরুল আরও বলেন, ২০১৩ সালের মতো আবারও দেশে জ্বালাও পোড়াও শুরু করেছে বিএনপি। তারেক রহমানের কারণে ২০১৪ সালের নির্বাচনে না যাওয়ার খেসারত খালেদা জিয়াকে এখনও দিতে হচ্ছে।

"তারেকের পরামর্শে বিএনপি বাংলাদেশে যেভাবে সন্ত্রাস শুরু করেছে, তার জন্য দলটিকে চরম খেসারত দিতে হবে।"

বিএনপির নেতাকর্মীরা সারাদেশে মানুষ হত্যা করছে বলেও অভিযোগ করেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, তারা সারাদেশে যেভাবে মানুষ হত্যা শুরু করেছে সরকার তা কঠোর হাতে দমন করবে। যত বড় শীর্ষ নেতাই হোক না কেন কেউ ছাড় পাবেন না।

সাভারের যাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্ধোধনের সময় খাদ্যমন্ত্রীর সঙ্গে বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি শামসুর রহমান, সাভারের ইউএনও কামরুল হাসান মোল্লাসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্ধোধনের পর মন্ত্রী স্কুলের ছাত্রছাত্রীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেন।