অবরোধ চলবে: রিজভী
সারাদেশে চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার বিকালে গুলশানের একটি বাড়িতে তিনি সাংবাদিকদের বলেন, “পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে চলবে।”
নয়া পল্টনে বিএনপি কার্যালয় থেকে রোববার রাতে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বুধবার ভোররাতেই গোপনে হাসপাতাল ছেড়ে গুলশানের ওই বাড়িতে ওঠেন তিনি।
নিজের গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৫ জানুয়ারি কর্মসূচি পালন করতে না পারার পর সারাদেশে অবরোধ ডাকেন। তিনি এখনও ওই কার্যালয়েই রয়েছেন।
সোমবার খালেদা অবরোধ ডাকার পরদিন জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় গ্রেপ্তার হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রিজভী সরকারের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সেই সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের মুক্তিও দাবি করেন।
অবরোধের মধ্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল করছে। রাজধানীসহ বিভিন্ন শহরের ভেতরেও গাড়ি চলাচল দেখা যাচ্ছে।
টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরুর আগে বিএনপির ডাকা এই অবরোধে বিপাকে পড়েছেন মুসল্লিরা। লাখ লাখ মানুষ সারাদেশ থেকে ইজতেমায় অংশ নিয়ে থাকে।
সোমবার খালেদা জিয়াকে কার্যালয় থেকে বের হতে বাধা দেওয়ার সময় পুলিশ খালেদা জিয়াকে লক্ষ্য করেই পেপার স্প্রে ছুড়েছিল বলে দাবি করেন রিজভী।
“সরকার দেশনেত্রীকে শ্বাসরোধে হত্যার অপচেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পেপার স্প্রে নিক্ষেপ করেছিল। এই বিষাক্ত পেপার স্প্রের পর থেকে তিনি অসুস্থ।”
সেদিন খালেদার সঙ্গে থাকা মহিলা দলের নেত্রীদের দিক পুলিশ পেপার স্প্রে ছুড়েছিল, যার প্রভাবে খালেদাও অসুস্থ হয়ে পড়েন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
গুলশানের কার্যালয়ে অবস্থানরত খালেদাকে ইতোমধ্যে চিকিৎসকরা দেখে এসেছেন। তিনি শ্বাসকষ্টে ভুগছেন বলে মঙ্গলবার তার প্রেসসচিব মারুফ কামাল খান সাংবাদিকদের জানান।
