৫ জানুয়ারি অশুভ তৎপরতা হলে মোকাবেলা: আ.লীগ
নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে ৫ জানুয়ারি ঢাকায় পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই মাহবুবুল আলম হানিফ বলেছেন, ওইদিন কোনো ‘অশুভ তৎপরতা’ বরদাশত করা হবে না।
বিএনপির ‘যে কোনো মূল্যে’ সমাবেশ করার ঘোষণার সমালোচনা করে শুক্রবার তিনি বলেন, “বিএনপির উসকানিমূলক বক্তব্যই প্রমাণ করে, তারা আইনের শাসনে বিশ্বাস করে না। এ ধরনের বক্তব্য বরদাশত করা হবে না। অশুভ তৎপরতা থাকলে মোকাবেলা করা হবে।”
শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক যৌথ সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
গতবছর ৫ জানুয়ারি বিএনপি ও শরিকদের বর্জনে ব্যাপক সহিংসতার মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হয়, যাতে নির্বাচিত হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।
ক্ষমতাসীন দলটি এ বছর দিনটি উদযাপন করবে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ হিসাবে। ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানসহ ঢাকা মহানগরীর ১৬টি স্থানে আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয়ে সমাবেশ’ করবে বলে জানান হানিফ।
অন্যদিকে বিএনপিও ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে পালনের ঘোষণা দিয়ে জনসভা করার অনুমতি চেয়েছে।
শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের অবস্থানের কথা তুলে ধরে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারা ‘যে কোনো মূল্যে’ ওই সমাবেশ করবেন।
বিএনপির এই অবস্থানের সমালোচনা করে হানিফ বলেন, “সমাবেশ কাকে করতে দেওয়া হবে বা না হবে সেটা নির্ধারণ করা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ। এর মধ্যে বিএনপির উসকানিমূলক বক্তব্য বরদাশত করা হবে না। আওয়ামী লীগ সকল জনগণকে সঙ্গে নিয়ে এই অশুভ তৎপরতা মোকাবেলা করবে।”
তিনি জানান, ৫ জানুয়ারি সমাবেশের আগে সারা দেশে বিজয় শোভাযাত্রা করবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ জানুয়ারি দুপুর আড়াইটায় ঢাকার ১৬টি স্থানে কর্মসূচি পালন করা হবে। সেগুলো হলো- পূরবী সিনেমা হল, শ্যামপুর-জুরাইন রেলগেট, ডেমরা-যাত্রাবাড়ী মাঠ, বাড্ডা-রামপুরা পেট্রল পাম্প, ধানমণ্ডি ৩২নং রোড, মিরপুর ১ (গোলচত্ত্বর), লালবাগ, গুলশান, সূত্রাপুর, তেজগাঁও, সবুজবাগ-খিলগাঁও, উত্তরা, কামরাঙ্গীর চর, মোহাম্মদপুর, কাফরুল ও সোহরাওয়ার্দী উদ্যান।
৫ জানুয়ারিতে বিএনপির সমাবেশ প্রতিহত করার দলের কোনও প্রস্তুতি রয়েছে কিনা জানতে চাইলে হানিফ বলেন, “আওয়ামী লীগের জন্য আন্দোলনের প্রস্তুতির দরকার হয় না। আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে রয়েছে।”
বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন সম্পর্কে তিনি বলেন, “বিএনপির কাছে জানতে হবে গণতন্ত্রের সংজ্ঞা কি? কাকে গণতন্ত্র বলে? দেশে গণতন্ত্র রয়েছে বলেই তারা কথা বলতে পারছে।”
এছাড়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি বেলা আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ হবে, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
৫ জানুয়ারি সংঘাতের আশঙ্কা করছেন কি-না এমন প্রশ্নে হানিফ বলেন, “কোন সংঘাত হবে না। যে সব কাগুজে বাঘ কথা বলছে, তাদের খুঁজে পাবেন না।”
অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সংসদ সদস্য ফজলে নূর তাপস ও ইলিয়াস উদ্দিন মোল্লা এ সময় উপস্থিত ছিলেন।
