‘যে কোনো মূল্যে’ জনসভা: বিএনপি
ঢাকায় ৫ জানুয়ারি ‘যেকোনো মূল্যে’ জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি।
শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের এই অবস্থানের কথা তুলে ধরেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “দৃঢ়তার সঙ্গে দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে চাই, ৫ জানুয়ারি আমরা কর্মসূচি করবই।”
আর এই কর্মসূচি করতে সরকারের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “আমরা বার বার অঙ্গীকার করছি, ৫ জানুয়ারি ২০ দলীয় জোটের জনসভা হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমরা এই জনসভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা চাই।’’
সরকার কর্মসূচির অনুমতি না দিলে কী হবে- এমন প্রশ্নে রিজভী বলেন, “অনুমতি না দিলে সেক্ষেত্রে আমাদের কর্মসূচি দিতেই হবে। এজন্য সরকারকেই দায় নিতে হবে।’’
বিএনপির বর্জনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জিতে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।
দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ দিনটিকে ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে পালন করবে।
ওই দিবসের প্রথম বর্ষপূর্তির দিনে রাজধানীতে সমাবেশ করার অনুমতি চেয়ে গত ২২ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠি দেয় বিএনপিসহ ২০ দলীয় জোট।
এর দুদিন পর সংবাদ সম্মেলন করে ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে আওয়ামী লীগের জনসভা করার অনুমতি পাওয়ার কথা জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল হানিফ।
বিএনপির পক্ষ থেকে চিঠিতে জনসভার স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের কথা বলা হয়েছে।
কিন্তু জনসভার অনুমতি নিয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী গড়িমসি করছে বলে ক্ষোভপ্রকাশ করেন রিজভী।
তিনি বলেন, “আমরা পুলিশের অনুমতির জন্য পত্র দিয়েও কোনো জবাব পাচ্ছি না। তাদের উদ্দেশ্য ও ‘মোটিভ’ জানি না। মনে হচ্ছে, শাসক দল বিরোধী দলকে সভা-সমাবেশ করতে না দিয়ে যুদ্ধ ঘোষণা করেছে।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালূকদার দুলু, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিন উপস্থিত ছিলেন।
