সমাবেশ হবেই: বিএনপি
পুলিশের অনুমতি না পেলেও ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
নাশকতার আশঙ্কা থাকলে ওই দিন বিএনপিকে ঢাকায় সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বক্তব্যের কিছুক্ষণের মধ্যে এ ঘোষণা দিলেন তিনি।
শুক্রবার বেলা ১১টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঈন খান।
তিনি বলেন, “৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস। এই দিনে সরকার ভোটবিহীন নির্বাচন করে গণতন্ত্রকে কবর দিয়েছে। আমরা সেদিন ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছি।
“আমাদের বক্তব্য স্পষ্ট, ওইদিন জনসভার অনুমতি দেবে কি দেবে না তা সরকারের বিষয়। আমাদের করণীয় যা তা আমরা করব।”
এর আগে বৃহস্পতিবার রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়া পল্টনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার অনুষ্ঠানে বলেন, “৫ জানুয়ারি জনসভা আমাদের করতেই হবে। সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কামাল বলেন,“যদি নাশকতার আশঙ্কা থাকে সেক্ষেত্রে সমাবেশ করার অনুমতি পাবে না। এ বিষয়ে আইনশৃ্ঙ্খলা বাহিনী কাজ করছে।”
৫ জানুয়ারির নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে বছর পূর্তিতে ওই দিনে সারাদেশে সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি।
ওই দিন ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জনসভা করতে পুলিশের অনুমতি চেয়েছে দলটি। এজন্য গত ২২ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হলেও এখনো কোনো সাড়া মেলেনি।
অন্যদিকে ওই দিনটি ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে রাজপথে সেদিন যে কোনো নাশকতা মোকাবেলার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা মঈন খান বলেন, “আওয়ামী গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই ভিন্নমতকে সহ্য করতে পারে না। তারা বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দেয় না। গণতন্ত্র এখন নির্বাসনে। গণতন্ত্রের সব জায়গা তারা বন্ধ করে দিয়েছে। এ থেকে উত্তরণে আন্দোলনের কোনো বিকল্প নেই।”
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার কবরে ফুল দিয়ে তার আত্মার মঙ্গল কামনায় মোনাজাত করেন।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক বিষয় সহসম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল
হাসান, কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মামুন, এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, আসাদুজ্জামান আসাদ, আবদুর রহিম হাওলাদার, জাকির হোসেন, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ ছিলেন।
গত ১ জানুয়ারি ছিল ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার নয়া পল্টনের কার্যালয়ে কেক কাটে ছাত্রদলের নেতা-কর্মীরা।
১৯৭৯ সালের ১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন।
