৫ জানুয়ারি হবে নতুন অভিযাত্রার সূচনা: মাহবুব
আগামী ৫ জানুয়ারি থেকে ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নতুন অভিযাত্রা’ শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই উপদেষ্টা বলেন, “গত বছরের ৫ জানুয়ারি একতরফাভাবে নির্বাচন হয়েছে। ওই নির্বাচনকে ঘিরে সৃষ্ট সংকট নিরসনে বুধবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাত দফা প্রস্তাব দিয়েছেন।
“সরকারকে বলব, আর বিলম্ব নয়। তার(দেশনেত্রী)প্রস্তাব নিয়ে দ্রুত আলোচনায় বসুন। গতবছরের ৫ জানুয়ারি থেকে এবারের দিনটি হবে ব্যতিক্রম। সেদিন থেকেই শুরু হবে গণতন্ত্র ফিরিয়ে আনার নতুন অভিযাত্রা।”
গত বছর ৫ জানুয়ারির নির্বাচনের আগে ভোট ঠেকাতে ২৯ ডিসেম্বর বিএনপির ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির প্রসঙ্গ তুলে খন্দকার মাহবুব বলেন, “সেদিন সারাদেশে এই কর্মসূচির সমর্থনে জনগণ উত্তপ্ত হয়ে উঠেছিল। দেশনেত্রীকে (খালেদা) তার বাসায় বালুর ট্রাক দিয়ে আটকিয়ে রাখা হয়েছিল।
“এবারে ৫ জানুয়ারি হবে ব্যতিক্রম। সেদিন জনসভা করতে না দিলে ওই দিন থেকেই শেষ খেলা শুরু হবে।”
দ্রুত সংলাপের উদ্যোগ না নিলে এর পরিণতি ‘ভয়াবহ’ হবে বলেও হুঁশিয়ারি দেন আইনজীবীদের এই নেতা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব বলেন, “এই সরকার ঘুমন্ত আগ্নেয়গিরির ওপর বসে আছে। তারা বুঝতে পারছে না, জোর করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় বেশি দিন থাকা যায় না।
“তাই সরকারকে বলব, জনরোষ এড়াতে হলে সংলাপের বাস্তবভিত্তিক উদ্যোগ নিন। দেশনেত্রীর (খালেদা জিয়া) সাত দফা প্রস্তাব নিয়ে আলোচনা করেন। নইলে যখন সাত দফা এক দফায় এসে দাঁড়াবে তখন এর পরিণতি ভয়াবহ হবে।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত বুধবার এক সংবাদ সম্মেলনে সাত দফা প্রস্তাব দেন যার মূল কথা হচ্ছে, ‘সব পক্ষের সম্মতিতে’ একটি ‘নির্দলীয় ও নিরপেক্ষ’ সরকারের অধীনে যতো দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন খন্দকার মাহবুব।
সংগঠনের উপদেষ্টা মো. আতিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ইয়ুথ ফোরামের সভাপতি মো. সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
