২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বিরুদ্ধে আরেক মামলায় হুলিয়া

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার দায়ে তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজহ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 01:09 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপেজেলা ছাত্রলীগের ধর্মবিষক সম্পাদক নুরুল আলমের করা মানহানি মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ মাসুদ পারভেজ এ পরোয়ানা জারি করেন।

মামলার আইনজীবী ও চট্টগ্রাম জেলার অতিরিক্ত পিপি নিখিল কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি করা হয়।

আদালত শুনানি শেষে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং আগামী ১১ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। 

বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ডিসেম্বর তারেক লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলেন।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে বলেন, বঙ্গবন্ধু যদি ৭ মার্চ সেনাবাহিনীর বাঙালি অফিসারদের নিয়ে যুদ্ধ শুরু করতেন, তাহলে যে ‘সামান্য সংখ্যক’ পাকিস্তানি সৈন্য তখন ছিল, তাদের সহজেই পরাজিত করা যেত; প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি অনেক কমানো যেত।

তিনি দাবি করেন, বঙ্গবন্ধু ‘পাকবন্ধু’ ছিলেন বলেই এমনটি করেননি। আর সে কারণে তাকে ‘রাজাকার’ আখ্যায়িত করা যায়।

একই আলোচনা সভায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধুকে ‘শখের বন্দি’ আখ্যায়িত করে তারেক আরও দাবি করেন, যুদ্ধ চলাকালে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে হানাদার বাহিনীর আঁতাত ছিল।

তারেক রহমানের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে কয়েক ডজন মামলা হয়েছে। এরমধ্যে কয়েকটিতে জারি হয়েছে পরোয়ানা।

সোমবার চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সদস্য মো. মিজানুর রহমানের করা একটি মামলায়ও তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তাররি পরোয়ানা জারি করে আদালত।

এছাড়া গত রোববার চট্টগ্রাম দক্ষিণ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শিহাবুল হক শিকদার ও বৃহস্পতিবার নগর ছাত্রলীগের পক্ষে সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি পৃথক দুটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন তারেকের রহমানের বিরুদ্ধে।

পুরনো খবর:

তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানি মামলা