সরকার কথা শোনে না, উষ্মা রওশনের
বিরোধী দলের পরামর্শ সরকার শুনছে না বলে অভিযোগ করেছেন বিএনপিবিহীন সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
রোববার দশম সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, “বকারাম বকে যায়, শোনারাম শুনে যায়। আমরা শুধু বকেই যাচ্ছি। আমাদের কথা বা পরামর্শ সরকার গ্রহণ করে না।
“কিন্তু আমাদের কথা শুনতে হবে, বাস্তবায়ন করতে হবে। কারণ আমরা দেশের কথা বলি। আমরা জনগণের কথাই বলি। সংসদে আমরা যা বলি, তা গুরুত্ব সহকারে দেখতে হবে।”
বিএনপি নেতাদের ভাষায় ‘গৃহপালিত বিরোধী দলের’ নেতা রওশন বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির পরামর্শ দেন সরকারকে।
“বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে হলে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে হবে। বিদেশি বিনিয়োগ বাড়াতে পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে একটি সেল গঠন করা যায়। কারো আবেদনের পর যদি এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানো যায়, সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বাড়বে।”
বিদেশিরা বিনিয়োগ করতে চাইলেও প্রশাসনিক জটিলতার কারণে পিছু হটছে উল্লেখ করে এই জটিলতাগুলোর সমাধানের পথ বের করার পরামর্শ দেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন।
ফাইল ছবি
প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়াতে দূতাবাসে জনবল বাড়ানোর আহ্বান জানান তিনি। অবৈধভাবে বিদেশযাত্রা বন্ধ করতেও বলেন তিনি।
“সিঙ্গাপুরে অবস্থানরত শ্রমিকদের মেশিন রিডেবল পাসপোর্ট নেই বলে ফিরে আসতে হচ্ছে। শ্রমিকরা যাতে বিদেশে থেকে সহজে মেশিন রিডেবল পাসপোর্ট পেতে পারে তার ব্যবস্থা করতে হবে।”
রাজধানী ঢাকার ওপর চাপ কমাতে প্রশাসনিক বিকেন্দ্রিকরণের পাশাপাশি গ্রামে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পরামর্শও সরকারকে দেন বিরোধীদলীয় নেতা।
বক্তব্যে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ও ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের নির্বাচনে বাংলাদেশের বিজয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দনও জানান তিনি।
