‘তারেকের অভাব অনুভব করছে জনগণ ও দলের কর্মীরা’
দেশের ‘ক্রান্তিলগ্নে’ জনগণ ও বিএনপি’র নেতাকর্মীরা তারেক রহমানের অভাব অনুভব করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, তারেক রহমান রাজনৈতিক পরিবারের সন্তান।
“জিয়াউর রহমান যেভাবে দেশের প্রত্যস্ত অঞ্চলে গিয়ে দেশের জন্য কাজ করেছেন, তেমনি তারেক রহমান লন্ডনে বসেও দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের জন্য কাজ করে যাচ্ছেন।”
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তারেকের যোগাযোগ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে দেশের জনগণ ও দলের নেতাকর্মীরা তারেক রহমানের অভাব অনুভব করছে। দলের প্রতিটি কর্মকাণ্ড সম্পর্কে তারেক রহমান অবগত আছেন।”
ফাইল ছবি
তারেক রহমানের ৫০ তম জন্মদিন উপলক্ষে নগর বিএনপি আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া শেষে এ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগর বিএনপি’র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান শামীম, এম এ আজিজ, আবুল হাশেম বক্কর, এস এম সাইফুল আলম, হারুন জামান প্রমুখ।
