বিএনপি অফিসের সামনে হাতবোমা বিস্ফোরণ
ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের কর্মসূচির আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বিস্ফোরণের পর কিছুক্ষণের জন্য বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়।
রোববার দুপুরেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের নতুন গঠিত কমিটিতে পদবঞ্চিত নেতাদের একটি কর্মসূচি ছিল। কর্মসূচি শুরুর আগেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর কার্যালয়ের সামনের অংশ ফাঁকা হয়ে যায়। পরে কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য পদবঞ্চিত অংশের সমর্থকদের আর ঘটনাস্থলের আশেপাশে দেখা যায়নি।
পল্টন থানার ওসি মোরশেদ বলেন, "ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই বোমা ফাটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরাধীদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশ।"
গত ১৪ অক্টোবর রাজিব আহসান ও আকরামুল হাসানের নেতৃত্বে ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর থেকেই পদ না পাওয়ারা বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভের সময় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাংচুর চলে। কার্যালয়ের প্রধান ফটকের সামনে জিয়াউর রহমানের ম্যুরালও নষ্ট করা হয়।
এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস কোন্দল মেটাতে বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি আপাত শান্ত করলেও স্থায়ী কোনও সমাধান আসেনি।
গত ৭ নভেম্বর বিএনপি প্রধান খালেদা জিয়া শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিতে যাওয়ার পথে দলের নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সুলতান সালাউদ্দিন টুকুর গাড়িতে হামলা ও ভাংচুর চালায় ছাত্রদলের ‘পদবঞ্চিতরা’।
এরপর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নতুন কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভে সক্রিয় তিন নেতাকে বহিষ্কার এবং বেশ কয়েকজনকে কারণ দর্শাতে নোটিস দেওয়া হয়।
