২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সাংসদকে মারধরের অভিযোগ

জেলা যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ফেনী-৩ আসনের সংসদ সদস্য রহিম উল্ল্যাহকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 10:51 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

শনিবার সন্ধ্যায় ফেনী সার্কিট হাউজে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে তার উপর হামলা হয় বলে জানিয়েছেন সাংসদ।

রহিম উল্ল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোয়াখালীতে দলীয় সম্মেলন শেষে ফেনী সার্কিট হাউজে অবস্থানরত মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে যান তিনি। মন্ত্রী তখন সার্কিট হাউজের দোতলার একটি কক্ষে মাগরিবের নামাজ পড়ছিলেন। এসময় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল, ও স্বপন মিয়াজী ও যুবলীগ নেতা আপনের নেতৃত্বে ৪০/৫০ জনের একটি সশস্ত্র দল তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

তিনি বলেন, “যুবলীগ নেতারা আমাকে হুমকি দিয়ে বলে ‘ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্ব বা তার নির্দেশ না মানলে আমাকে সাবেক ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামের মতো মেরে জ্বালিয়ে দেয়া হবে’।”

পরে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক ও সহকারী পুলিশ সুপার সামছুল আলম সরকার সাংসদকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে চলে যেতে সহায়তা করেন বলে

ওই সাংসদ জানান, এর আগে সকালে নিজের নির্বাচনী এলাকা দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার উপস্থিতিতে নিয়মিত মাসিক বৈঠক চলাকলে বাইরে একাধিক হাতবোমার বিস্ফোরণ হয়। বৈঠক শেষে পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে উপজেলার রাজাপুর ইউনিয়নে যান।  সেখান থেকে পাশের রামচন্দ্রপুর ইউনিয়নের একটি কর্মসূচতে যাওয়ার পথে জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন বাধা দেন। এই ঘটনার কথা জানাতেই তিনি মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

সাংসদকে মারধরের এবং প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাংসদ লাঞ্ছিত হওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। এরকম কিছুই দেখিনি।”

এবিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংসদ রহিম উল্ল্যার সঙ্গে দলীয় নেতাকর্মীদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বলে তিনি শুনেছেন।

ফেনীর সহকারী পুলিশ সুপার সামছুল আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সার্কিট হাউজে হট্টগোলের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে সাংসদ রহিম উল্ল্যাহকে তার ব্যক্তিগত গাড়িযোগে নিরাপদে ঘটনাস্থল ছাড়তে সহায়তা করেছেন।

এদিকে সাংসদ রহিম উল্ল্যাহকে লাঞ্ছিত ও মারধর করার ঘটনার প্রতিবাদে তার সমর্থকরা নির্বাচনী এলাকা দাগনভূঞা-সোনাগাজী উপজেলায় রোববার হরতাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী জুলফিকার দিদার হোসেন মাসুদ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতা জানান, সম্প্রতি ‘উত্তরণ’ নামে স্থানীয় একটি পত্রিকায় সাংসদ রহিম উল্ল্যাহ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হচ্ছেন বলে সংবাদ প্রকাশিত হয়। একারণে দলীয় নেতাকর্মীরা তার উপর ক্ষিপ্ত ছিলেন।