বদনাম কুড়াবেন না: যুবলীগকে হাসিনা
সুনাম ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ডে না জড়াতে সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
“এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যাতে যুবলীগের বদনাম হয়,” যুবলীগের ৪২ বছর পূর্তি উপলক্ষে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে বলেছেন তিনি।
অন্তঃকোন্দল, দরপত্রে প্রভাব বিস্তারসহ নানা অনিয়মে যুবলীগকর্মীদের জড়িয়ে পড়ার অভিযোগের প্রেক্ষাপটে এই আহ্বান জানালেন আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য অর্জনে সহযোগী যুব সংগঠনটিকে আরো তৎপর হওয়ার আহ্বানও জানান।
“আমরা চাই, যুব সমাজ নিজের পায়ে দাঁড়াবে।”
প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ, প্রত্যেকটি মানুষের ঘর পাওয়ার নিশ্চয়তা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানান প্রধানমন্ত্রী।
গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবলীগের ভূমিকা প্রসঙ্গে শেখ হাসিনা ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেনের আত্মত্যাগের কথা তুলে ধরেন।
“নূর হোসেন গাড়ির জানলা দিয়ে মাথা ঢুকিয়ে আমাকে বললো, ‘আপা, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেন। গণতন্ত্রের জন্য জীবন দিয়ে যাব’।”
এরশাদবিরোধী আন্দোলনে তিন জোটের ঢাকা অবরোধের ওই কর্মসূচিতে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘গণতন্ত্র মুক্তি পাক’ লিখে রাজপথে নেমেছিলেন নূর হোসেন, পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি।
যুবলীগসহ স্বাধীনতার পক্ষে শক্তিরা সক্রিয় ছিল বলেই কোনো ষড়যন্ত্র এদেশের গণতন্ত্রকে ধ্বংস করতে পারেনি মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ভবিষ্যতেও পারবে না।
একাত্তরের যুদ্ধাপরাধের চলমান বিচার শেষ করার বিষয়ে নিজের অবস্থান পুনরায় তুলে ধরে তিনি বলেন, “যারা স্বজন হারিয়েছে, তাদের মানবাধিকার রক্ষা করতে হবে। যুদ্ধাপরাধীদের মানবাধিকার রক্ষা না।
“যারা আমাদের মা-বোনদের হত্যা করেছে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। তাদের স্থান এই বাংলার মাটিতে হবে না।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সেভেন মার্ডারের’ অন্যতম আসামি ছাত্রলীগ থেকে বহিষ্কৃত শফিউল আলম প্রধানকে রাষ্ট্র ক্ষমতায় এসে জিয়াউর রহমানের ছেড়ে দেওয়া এবং তাকে নিয়ে খালেদা জিয়ার জোটগত আন্দোলনের সমালোচনাও করেন আওয়ামী লীগ সভানেত্রী।
“বিষ (২০) দলে যারা আছে, তারা যে বাংলাদেশের জন্য বিষ ফোঁড়ার মতো, তাতে কোনো সন্দেহ নেই।”
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের জন্য খন্দকার মোশতাক আহমেদ ও জিয়াউর রহমানকে দায়ী করে শেখ হাসিনা বলেন, “এই মোশতাক বঙ্গবন্ধুর সাথেই ছিল, এতে কোনো সন্দেহ নেই। আর তার দোসর ছিল জিয়াউর রহমান।”
“এই দুজন মিলেই ষড়যন্ত্র করে ২ তারিখ দিবাগত রাতে (৩ নভেম্বর, ১৯৭৫) জাতীয় চার নেতাকে হত্যা করে। এই হত্যার খবর যখন বের হয় ৩ নভেম্বর খালেদ মোশাররফ এর প্রতিবাদ করে। রাতে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়।”
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিদেশে চলে যাওয়ার সুযোগ করে দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এই হত্যার পর খুনিদের প্লেনে করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। জিয়া আর মোশতাক করেছিল। এই আয়োজনটি যে করেছিল, সে এখন বিএনপির নেতা, শমশের মবিন চৌধুরী।”
মার্শাল’ল অর্ডিনেন্স দিয়ে সংবিধানের ১২ এবং ৩৮ এর কিছু অংশ বাতিল করে জিয়াউর রহমানের যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “১৫ অগাস্টের পর আলবদর আর রাজাকারদের প্রতিষ্ঠিত করা হয়।”
দেশের প্রাকৃতিক সম্পদ বিক্রি করতে রাজি না হওয়ায় আওয়ামী লীগ ২০০১ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারেনি দাবি করে তিনি বলেন, “২০০১ এ গ্যাস বিক্রিতে রাজি হইনি। ষড়যন্ত্রের শিকার হই। ক্ষমতায় আসতে পারিনি।”
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মো. মুজাহিদকে ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে মন্ত্রী করার বিষয়টি তুলে ধরে যুদ্ধাপরাধীদের মুক্তি দাবিতে বিএনপি চেয়ারপারসনের সমাবেশে দাবি তোলার বিষয়টিও তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী।
“বাংলাদেশের পক্ষে না, আল বদর-রাজাকারদের পক্ষে। জনসভার লোক দেখলেই পরিষ্কার হয়ে যায়। জনসভা থেকে আল বদর-রাজাকারদের মুক্তি চাওয়া হয়।”
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি-জামায়াত জোটের সহিংস আন্দোলনের কথা তুলে ধরে খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, “কেন মানুষ হত্যা করেছে? এর জবাব বিএনপি নেত্রীকে একদিন দিতে হবে।”
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সভাপতি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, নেপাল যুব কংগ্রেসের নেতা মহেন্দ্র যাদব ও যুবলীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ।
সমাবেশের শুরুতে শারীরিক কসরত প্রদর্শনীর পাশাপাশি তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
