উল্লাপাড়া উপজেলায় আ. লীগের নেতৃত্বে এইচ টি ইমামের ছেলে
দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও একইভাবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম।
শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তানভীর ইমামের মতো সভাপতি পদে মীর শহীদুল ইসলামও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সম্মেলনের উদ্বোধন কিংবা কাউন্সিল অধিবেশন- কোনো পর্বেই দেখা যায়নি ওই এলাকার (সিরাজগঞ্জ-৪) সাবেক সংসদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক গাজী শফিকুল ইসলামকে, যার অনুপস্থিতি সম্মেলনের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের চোখে ধরা পড়ে।
সকালে সম্মেলনের উদ্বোধন হয় উপজেলা সদরের আবু তাহের ছাত্রাবাস মাঠে। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মন্ত্রী নাসিমের সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামও ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাসিম বলেন, “আজ (শুক্রবার) রাতে আমি জাপান সফরে যাব। এ সন্মেলনে আমার উপস্থিত থাকার কথা ছিল না। কিন্ত চাচা (এইচ টি ইমাম) মুরুব্বী মানুষ। তিনি নিজে আমার বাড়িতে গিয়ে দাওয়াত করে এসেছেন। তাই সন্মেলনে আসতে হয়েছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিবকে বারবার তানভীর ইমামের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।
স্থানীয় নেতারা জানান, এইচ টি ইমামের ছেলে তানভীর ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের কিছু দিন আগে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠলে গাজী শফির সঙ্গে তার দূরত্ব তৈরি হতে থাকে। সংসদ নির্বাচনে তানভীর মনোনয়ন পেলে শফি দলীয় কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নেন। এরপর গত ২৮ অগাস্ট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় শফিকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব গৃহীত হয়। ওই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই সম্মেলনে বিদায় নিতে হল শফিকে।
বক্তব্যে সাবেক সংসদ সদস্য শফি প্রসঙ্গে সিরাজগঞ্জেরই সংসদ সদস্য নাসিম বলেন, “তাকে সম্মেলনে উপস্থিত থাকতে বলেছিলাম। কিন্ত কেন তিনি আসেননি, তা বোধগম্য নয়।”
সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, নারী সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসানও উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের পর বিকালে আকবর আলী কলেজ মিলনায়তনে রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশন হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপস্থিত কাউন্সিলররা অধিবেশনের শুরুতেই মীর শহিদুল ইসলামকে সভাপতি রেখে তানভীর ইমামকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করার প্রস্তাব করেন।
“আর কোনো প্রার্থী না থাকায় এ দু’জন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন,” বলেন তিনি।
