২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপেক্ষায় আছি, পুলিশের: কাদের সিদ্দিকী

মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, স্ত্রীর ‘হেফাজতে’ থেকে তিনি এখন পুলিশের অপেক্ষায় রয়েছেন। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 10:44 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

মোহাম্মদপুরে বাবর রোডের বাড়িতে এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতির সঙ্গে তার স্ত্রী নাসরিন সিদ্দিকীও ছিলেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে ‘রাজাকার’ বলায় মানহানির একটি মামলায় মঙ্গলবার ঢাকার একটি আদালত বীরউত্তম খেতাবধারী মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

‘ন্যাশনাল ফ্রিডম ফাইটার ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক রুহুল আমিন মজুমদার গত বছরের ১৯ ফেব্রুয়ারি এই মামলাটি করেন।

২০১২ সালের ২ সেপ্টেম্বরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় কাদের সিদ্দিকী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেছিলে, মহীউদ্দীন খান আলমগীর ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পাকিস্তান রাষ্ট্রকে রক্ষা করার চেষ্টা করেছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় আল বদর, আল শামস বাহিনী সৃষ্টি করে তাদের বেতনভাতা দিতেন।

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, “মহীউদ্দীন খান আলমগীর ছিল পাকিস্তানের অনুগত। একজন পাকিস্তানি সেবাদাস। একজন পাকিস্তানি অনুগত কর্মচারী, যার অপরাধ সাধারণ রাজাকারদের চেয়ে অনেক বেশি।

“পাকিস্তানী সেবাদাসের মানহানির অভিযোগে একজন স্বাধীনতা সংগ্রামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা মানে সব মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা।”

“আমার মতো একজন স্বাধীনতা সংগ্রামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মহিমাকে ভুলুণ্ঠিত করা হয়েছে,” বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, “দেড়শ টাকার রাজাকারদের যারা লালন-পালন করেছে, আমি সাহস করে এমন একজন রাজাকারের পরিচয় প্রকাশ করে ভেবেছিলাম, বর্তমান মুক্তিযুদ্ধের চেতনার সরকার আমাকে পুরষ্কৃত করবে।”

পরোয়ানা জারির আদেশ দেওয়া বিচারকেরও সমালোচনা করেন তিনি।

Image
কাদের সিদ্দিকী (ফাইল ছবি)

কাদের সিদ্দিকী (ফাইল ছবি)

“যে ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, তিনি দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এ পরোয়ানা দিয়েছেন; তিনি সব মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন।”

কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি মানহানির ওই মামলায় জামিন না চেয়ে বলেন, বর্তমানে তিনি স্ত্রীর ‘হেফাজতে’ রয়েছেন। এ মানহানির মামলায় জামিন আবেদনও চাননি।

“দেশের অবস্থা একেবারেই ভালো নয়। এখন গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অপেক্ষায় রয়েছি কখন আমাকে ধরে নিয়ে যাবে। বাসায় এ অপেক্ষায় রয়েছি।”

মুক্তিযুদ্ধের সব মাঠ প্রশাসন ও পুলিশে দায়ত্ব পালন করা সিংহভাগ কর্মকর্তা রাজাকারের ভূমিকায় ছিল মন্তব্য করে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান কাদের সিদ্দিকী, যাকে ‘নব্য রাজাকার’ বলে আখ্যায়িত করেছেন তারই ভাই আব্দুল লতিফ সিদ্দিকী।

তিনি বলেন, “পাকিস্তানের পক্ষে যেসব ডিসি, এসপি, ওসি দায়িত্ব পালন করছে তাদের বিচারের আওতায় আনতে হবে। যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে এ সরকার দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠতে পারেনি।”

সংবাদ সম্মেলনে নাসরিন সিদ্দিকী বলেন, “রাজাকারকে রাজাকার বলায় যদি ধরে নিয়ে যায়, ফালতু কথার জন্য যদি জেল খাটতে হয় তাহলে (স্বামী) জেল খাটবে।আমি বা আমার পরিবার জেলকে ভয় পাই না।”

কৃষক, শ্রমিক, জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা