‘স্বাধীনতার চেতনা ধূলিসাৎ করেছেন জিয়া’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার চেতনা ‘ধূলিসাৎ করেছেন’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
জিয়ার আমলে সেনাপ্রধানের দায়িত্বে থাকা এরশাদ বলেন, “জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হতে পারেন। কিন্তু তিনি স্বাধীনতার চেতনাকে ধূলিসাৎ করেছেন। আর খালেদা জিয়া স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী বানিয়ে তাদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন।”
বুধবার বন্দরনগরী চট্টগ্রামের লালদীঘি মাঠে জাতীয় পার্টির জনসভায় একথা বলেন তিনি।
নিজের দলকে বাংলাদেশের একমাত্র জাতীয়তাবাদী দল দাবি করে এরশাদ বলেন, “জাতীয় পার্টি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল।”
বক্তব্যের শুরুতেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জনসভায় আগতদের সঙ্গে কুশল বিনিময় করে সাবেক এই সামরিক শাসক বলেন, “এ ধরনের জনসভা আমি আগে কখনও দেখিনি। রাষ্ট্রপতি হিসেবেও চট্টগ্রামের মানুষ আমাকে স্বাগত জানিয়েছিল।”
জনসভায় উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এরশাদ।
এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “দেশের মানুষ মুক্তি চায়, নিরাপত্তা চায়, শান্তিতে ঘুমাতে চায়। দেশে এখন সন্ত্রাস, হত্যা, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি চলছে।”
তার আমলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ছিল না দাবি করে এরশাদ বলেন, “২৪ বছর আগে ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে দেশে প্রতিহিংসার রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে। প্রধানমন্ত্রীকে মারার জন্য বোমা হামলা হয়েছে। বাংলা ভাইয়ের উত্থান হয়েছে।”
জাতীয় পার্টি ক্ষমতায় গেলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা হবে বলে ঘোষণা দেন এরশাদ।
গণআন্দোলনের মুখে ১৯৯০ সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া এরশাদ বলেন, “আমি ক্ষমতায় থাকতে অনেক হরতাল হয়েছিল, সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল। আমি ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। মনে করেছিলাম, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”
সমাবেশে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “এরশাদ দেশের মানুষকে নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখিয়েছিলেন। তাই তিনি উপজেলা গঠন করেছিলেন। নিজের হাতে ক্ষমতা না রেখে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছেন।
“অনেকে বলেন বঙ্গবন্ধু সেতু তারা করেছেন। কিন্তু সেটিও এরশাদ করেছেন।”
‘গত ২৪ বছরে বাংলাদেশে কোনো গণতন্ত্র আসেনি, শুধু ক্ষমতার পালাবদল হয়েছে’ বলে মন্তব্য করেন তিনি।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, মানুষ পরিবর্তন চাইছে। জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করতে হবে।
“গণতন্ত্রকে রক্ষা করতে হলে ২০১৯ সালের নির্বাচনে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।”
ফের ক্ষমতায় যাওয়ার স্বপ্নে এরশাদ
জনসভায় এরশাদ বলেন, “বার আউলিয়ার দেশ চট্টগ্রাম থেকে জাতীয় পার্টি আজ নতুন করে যাত্রা শুরু করেছে। চট্টগ্রামবাসীর কাছে আমি ঋণী।”
এসময় তিনি আরেকবার ক্ষমতায় যাওয়ার সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান।
বক্তব্যের সময় দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে পাশে রেখে এরশাদ বলেন, বাবলু এ এলাকার সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টির মহাসচিবও।
“সে দায়িত্ব নেওয়ার পর জাতীয় পার্টি নতুন উদ্যমে কাজ শুরু করেছে। আগামীতে সকলের সহযোগিতা নিয়ে আমরা ক্ষমতায় যাব।”
“জাতীয় পার্টি হরতাল, প্রতিহিংসা বিশ্বাস করে না। জাতীয় পার্টি আরেকবার ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা হবে।”
জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মেহজাবীন মোর্শেদের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, সাংসদ এমএ হান্নান, সালমা ইসলাম, সাইদুল ইসলাম, আবুল হোসেন বাবলা বক্তব্য দেন।
