নিজামীর সঙ্গে ছেলের সাক্ষাৎ
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করেছেন তার ছেলে।
শনিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে দেখা করার সময় নিজামীর ছেলে নাজিব মোমেনের সঙ্গে জামায়াত নেতার দুই আইনজীবী মতিউর রহমান আকন্দ ও আফাজ উদ্দিনও ছিলেন।
তারা আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের বিষয় নিয়ে কারাবন্দি নিজামীর সঙ্গে কথা বলেন বলে কারা তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “ডেপুটি জেলার শাহ মোহাম্মদের কক্ষে কারাবন্দি জামায়াত আমিরের সঙ্গে তার ছেলে ও আইনজীবীদের সাক্ষাৎ হয়। তারা আপিলের ব্যাপারেই কথা বলেন।”
একাত্তরে যুদ্ধাপরাধের জন্য গত ৩০ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার সুযোগ রয়েছে তার।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দেওয়া রায়ের বিরুদ্ধে জামায়াতের সব নেতাই আপিল করেছেন। এর মধ্যে আব্দুল কাদের মোল্লার সাজার মাত্রা বেড়ে মৃত্যুদণ্ড হয়, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলে মৃত্যুদণ্ডের সাজা কমে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
আমির নিজামীসহ নেতাদের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে গত সপ্তাহজুড়ে হরতাল ডাকে জামায়াত। হরতাল শেষে রোববার বিক্ষোভ কর্মসূচি দিয়েছে দলটি।
