২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরের প্রেতাত্মাদের হরতালে মানুষ সাড়া দেয়নি: হানিফ

দেশকে অস্থিতিশীল করতে ‘মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির প্রেতাত্মাদের’ একটি অংশ হরতাল ডাকলেও দেশবাসী তাতে সাড়া দেয়নি বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 06:43 PM

Updated : 13 Oct 2022, 12:43 PM

রোববার ধানমণ্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলে তিনি।

হানিফ বলেন, “একাত্তরের প্রেতাত্মাদের একটি ক্ষুদ্রাংশ হরতাল ডেকেছিল। তাদের এধরনের কর্মসূচির উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করে তোলা। কিন্তু দেশবাসী তাদের ডাকে সাড়া দেয়নি; জীবনযাত্রা স্বাভাবিক ছিল।”

হজ নিয়ে মন্তব্যের কারণে দেশের বাইরে থাকা লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দাবিতে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে সম্মিলিত ইসলামী দলসমূহ, যাতে সমর্থন দেয় স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীও।

ঢিলেঢালাভাবে চলা হরতালে দুই একটি স্থানে মিছিলের চেষ্টা ছাড়া কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি; রাজপথে হরতালকারীদেরও জোরালো তৎপরতা দেখা যায়নি।

হরতালের শুরুতে সকালে ঢাকার রাজপথে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে; অটোরিকশা ও রিকশা চলাচলও স্বাভাবিক ছিল।

আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবসের কর্মসূচি নিয়ে দল ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যৌথসভার পর সাংবাদিক সম্মেলনে কথা বলেন মাহবুব-উল আলম হানিফ। 

সংবাদ সম্মেলনে সংলাপ ও নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘গণতান্ত্রিক শিষ্টাচারবহির্ভূত’ এবং তার ভাষাকে ‘ফ্যাসিস্ট সরকারের ভাষা’ আখ্যা দিয়ে বক্তব্যের জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা।

তিনি বলেন, “বিএনপির নেতৃত্বের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তারা নিজেরা নিজেরা মারামারিতে ব্যস্ত। অনেকে ২০ দলীয় জোট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।”

বিশ্বের কোনো দেশ বাংলাদেশের বর্তমান সরকারকে স্বীকৃতি দেয়নি বলে খালেদা জিয়ার মন্তব্যেরও সমালোচনা করে হানিফ বলেন, “তিনি কীভাবে এই কথা বলতে পারলেন? এটা বিএনপি চেয়ারপারসনের মুর্খতা।

“সরকার স্বীকৃতি না পেলে প্রধানমন্ত্রী কীভাবে জাতিসংঘের সভায় অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্ন দেশের সরকারের আমন্ত্রণে বিদেশ সফর করছেন। আইপিইউ-সিপিইউতে কিভাবে বাংলাদেশের প্রতিনিধিরা নির্বাচিত হলেন?”

সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন নির্বাচিত হন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আর ১৬৪টি দেশের আইনসভার সংগঠন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। দুজনেই সদস্য দেশগুলোর সরসরি ভোটে নির্বাচিত হন।

জেলহত্যা দিবসের কর্মসূচি

যৌথসভা শেষে আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন হানিফ। এর মধ্যে রয়েছে জনসভা, পুষ্পার্ঘ্য অর্পণ, কালো পতাকা উত্তোলন, দোয়া ও মিলাদ।

তিনি বলেন, ৩ নভেম্বর বেলা ৩টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জেলহত্যা দিবসের জনসভা হবে।

“সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”