২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা এখন ‘বধ্যভূমির’ অধিপতি: রিজভী

সরকার দেশকে ‘কারাগার ও বধ্যভূমি’তে পরিণত করেছে অভিযোগ তুলে এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 07:41 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শনিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, “প্রকাশ্য দিনের আলোতে খুনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। গত পরশু মিরসরাই ছাত্রদলের আহ্বায়ক আদিল মাহমুদ সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন। তাকে উপুর্যপরি কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।”

“এভাবে কোথাও গুলি করে, কোথাও মাথায় ধারালো অস্ত্র দিয়ে মানুষ হত্যার নতুন নতুন ডাইমেনশন তারা সৃষ্টি করেছে।”

এসব হত্যাকাণ্ড সরকারের পৃষ্ঠপোষকতায় সংগঠিত হচ্ছে দাবি করে তিনি বলেন, “সর্বত্র নিপীড়ন-নির্যাতন-হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতাসীন সরকার দেশকে কারাগার বানিয়ে বধ্যভূমির একচ্ছত্র অধিপতির আসনে বসে আছে।’’

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।

সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করে রিজভী বলেন, “এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে। তাদের পদত্যাগ ছাড়া এদেশের মানুষের জানমাল নিয়ে বেঁচে থাকা হবে কষ্টকর। শেখ হাসিনা শুধু দেশবাসী বা দেশের জন্য নয়, আওয়ামী লীগের মতো একটি পুরাতন দলের জন্যও অভিশাপ হয়ে দেখা দিয়েছে।”

তিনি বলেন, “তার (শেখ হাসিনা) কারণে দেশব্যাপী গুম, খুন, হানাহানি, রক্তপাত লেগেই আছে। তার প্রতিহিংসার কারণেই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে।”

গত কয়েক দিনে বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, “শাসক দলের অনুগ্রহের ছায়াতলে তাদের সন্ত্রাসীরা দেশব্যাপী নির্মাণ করেছে সন্ত্রাসের পরিকাঠামো। সর্বত্র রক্তারক্তি ও খুনোখুনির একতরফা অধিকার তারা লাভ করেছে। দেশের আইনের দ্বারা তারা চলে না। এক ব্যক্তির নির্দেশই তাদের কাছে আইন হিসেবে বিবেচিত।”

বিএনপির যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, “নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সিপাহসালার শহীদ জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি উল্লাপাড়ায় একটি অনুষ্ঠান চলছিল। স্থানীয় ক্ষমতাধর এমপি যার পিতা প্রধানমন্ত্রীর ক্ষমতাধর একজন উপদেষ্টা, সেই এমপির নির্দেশে শহীদ জেহাদের বাড়ি পুলিশ ঘিরে ফেলে এবং মিলাদ মাহফিলের অনুষ্ঠানে বাধা দেয়।”

“এই হিংস্র আওয়ামী লীগ সরকার বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার শুধুমাত্র কেড়ে নেয়নি, এখন ধর্মীয় অনুষ্ঠানগুলোতেও বেপরোয়াভাবে হামলা চালাচ্ছে।’’

সংবাদ ব্রিফিংয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আসাদুজ্জামান, খায়রুল কবীর খোকন, সানাউল্লাহ মিয়া, হাবিব উন নবী খান, আসাদুল করীম শাহিন, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ প্রমুখ।