২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের সাবেক নেতাদের ‘চরিত্র গঠনের’ পরামর্শ

দেশসেবার জন্য প্রস্তুত হতে ছাত্রদলের সাবেক নেতাদের জ্ঞানার্জন ও ‘চরিত্র গঠনের’ পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 04:39 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রাক্তন ছাত্রদল ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

বক্তব্যের শুরুতেই এম কে আনোয়ার বলেন, “সাবেক ছাত্রনেতাদের অনেকেই এখানে আছে। তাদের অনুরোধ করবো, তোমাদের প্রধান দায়িত্ব হচ্ছে নিজেকে গঠন করা। নিজকে জ্ঞানে সমৃদ্ধ করা।”

প্রধানত আশির দশকের ছাত্রদল নেতাদের এই ধরনের আহ্বান জানানো নিয়ে এই বিএনপি নেতা নিজেই বলেন, “জ্ঞান অর্জন করার কোনো বয়স নাই।

“যাতে করে তুমি এই জ্ঞান ও চরিত্র দিয়ে সমাজকে সাহসের সঙ্গে সেবা করতে পার। নিজের মধ্যে দুর্বলতা থাকলে পরে সামনে সাহস নিয়ে এগিয়ে যাওয়া যায় না। নিজে দুর্নীতিবাজ হলে দুর্নীতিবাজদের সমালোচনা করা যায় না।”

সরকারের নানা সমালোচনা করে বক্তব্যের শেষের দিকে তিনি বলেন, “বর্তমান সরকারকে হটাতে সংগ্রাম ছাড়া আর কোনো উপায় নেই। সংগ্রাম ছাড়া দাবি আদায় করা যাবে না। জনগণ তাকিয়ে আছে তোমাদের দিকে, বিএনপির দিকে।”

বক্তব্যের মাঝে আনোয়ার বলেন, “আজকে দেশে কোনো আইনের শাসন নাই। আইন নাই, নিয়ম নাই, কানুন নাই। সাত হাজারেরও বেশি মামলা সরকারি নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রত্যাহার করে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় ১৫টি মামলা আদালতের মাধ্যমে প্রত্যাহার করে নিয়েছে। রাষ্ট্রপতি অনেক খুনের মামলার আসামিদেরও ক্ষমা করে দিয়েছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“নির্বাচনের আগে তারা বলেছে, এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন। এখন বলছেন, তারা পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছেন। ৫ বছর ক্ষমতায় থাকতে পারবেন না। ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন যারাই জনমতের বিরুদ্ধে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, তাদের কী পরিণতি হয়েছে?”

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনীর সমালোচনা করে বিএনপি নেতা আনোয়ার বলেন, “আজকে হাই কোর্টের বিচারকদের অভিশংসনের ক্ষমতা আপনার হাতে নিয়ে নিয়েছেন। হাই কোর্টের এক বিচারপতিকে আপনি ধমক দিয়েছিলেন। কারণ তিনি নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় আসামিকে গ্রেপ্তারের আদেশ দিয়েছিলেন।

“এখন আপনি সেই বিচারকদের বিচার ক্ষমতা আপনার হাতে নিতে চাচ্ছেন। এটা জনগণ মানবে না। যতটুকু করেছেন, সরে দাঁড়ান। তা না হলে এর জন্য আপনাকেই দায়ী থাকতে হবে।”

বর্তমান সরকারের প্রশাসনের কর্মকর্তাদের ‘নিজেদের স্বার্থে’ ব্যবহার করছে বলে অভিযোগ করে সাবেক সচিব এমকে আনোয়ার বলেন, “যেহেতু তাদের দিয়ে অপকর্ম করাচ্ছেন, তারা মিথ্যা ঘোষণা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা বা সাহস আপনাদের নাই। কারণ তারা আপনাদের অনেক কাজ করে দিয়েছে।

“তাই সময় এসেছে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে একটা নিরপেক্ষ নির্বাচন দেয়ার।”

যুবদলের যুগ্ম সম্পাদক ও প্রাক্তন ছাত্রদল ফাউন্ডেশনের আহ্বায়ক আলী আকবর চুন্নু আলোচনা সভায় সভাপতিত্ব করেন।