২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়েন্দা সংস্থার কোনো হাত নেই: নীলু

২০ দলীয় জোট থেকে বেরিয়ে এনডিএফ গঠনের পেছনে গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতার যে অভিযোগ বিএনপি তুলেছে, তা নাকচ করেছেন নবগঠিত এই জোটের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 08:31 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠান করে নতুন জোটের ঘোষণা দেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের সাবেক নেতা নীলু।

প্রধানমন্ত্রীর  ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার পর গোপালগঞ্জের বাসিন্দা নীলুকে ২০ দলে থেকে বহিষ্কার করা হয়। তারপর তিনি নতুন জোট গঠনে সচেষ্ট হন।

বিএনপি বলে আসছে, সরকারের মদদে গোয়েন্দা সংস্থার তৎপরতায় ২০ দলকে দুর্বল করতে নতুন এই জোট গঠন করা হয়েছে। 

অনুষ্ঠানে সাংবাদিকদের এই বিষয়ক প্রশ্নে এনপিপি চেয়ারম্যান নীলু বলেন, “দেশ ও জাতির প্রয়োজনে এই নির্বাচনী জোট হয়েছে। এই জোট গঠন আমরা করেছি। এটা গঠনে গোয়েন্দা সংস্থার হাত আছে- এটা আমার জানা নেই।”

অনুষ্ঠানে মঞ্চে ব্যানারে লেখা ছিল- ‘দেশ, জাতি ও জনগণের স্বার্থরক্ষা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনে এই জোট’।

এনডিএফের এই অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে বেসরকারি বিভিন্ন টেলিভিশনের পাশাপশি বাংলাদেশ টেলিভিশনকেও দেখা গেছে।

২০ দলীয় জোটের সাবেক নেতা নীলু বলেন, তিনি না চাইলেও তাকে জোট থেকে বের করে দেওয়া হয়েছে।

৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া ভুল করেছেন বলেও দাবি করেন তিনি। ওই সময় তা বললেও তার কথা শোনা হয়নি বলে নীলুর দাবি।

২০ দলীয় জোটে থাকার সময় ‘অবৈধ’ বললেও দশম সংসদকে এখন বৈধ বলছেন এনপিপি চেয়ারম্যান।

“আইনগতভাবে দশম সংসদ বৈধ। তবে ৫ জানুয়ারির নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, এটা কলঙ্কময়।”

এই ‘কলঙ্ক’ ঘোচাতে আগাম নির্বাচন দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি দাবি জানান নীলু।

এনডিএফের ঘোষণাপত্রে বলা হয়েছে, ৫ জানুয়ারি ‘ভোটারবিহীন’ নির্বাচনের ভিত্তিতে প্রতিষ্ঠিত ‘অনৈতিক সংসদ’ বাতিল করে অবিলম্বে সকলের কাছে গ্রহণযোগ্য মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করা।

নির্বাচন শেখ হাসিনার অধীনে হলে এনডিএফ যাবে কি না- জানতে চাইলে নীলু বলেন, “আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, সে চেষ্টা করব আমরা। এজন্য শান্তিপূর্ণ আন্দোলনও আমরা করব।

“পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নির্বাচনে যাওয়াটা আর্ট অব কমপ্রোমাইজ। আমরা নির্বাচনে যাবই।”

সরকার পতনের আন্দোলন করবেন কি না-এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, এতে আমরা বিশ্বাসী নই।”

১০টি দল নিয়ে গঠিত এনডিএফে আরো দলের যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন জোটের চেয়ারম্যান নীলু।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে কেউ আসবে কি না- জানতে চাইলে তিনি বলেন,“হোপ ফর দ্যা বেস্ট।”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট থেকে কেউ আসবে কি না- জানতে চাইলে তার জবাব, “১৪ দল থেকে আসার কথা আমি বলিনি।”

জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার দিনটি ‘জাতীয় শোক দিবস’ হিসেবে পালন মেনে নিচ্ছেন কি না- প্রশ্ন করা হলে বিএনপির সাবেক জোটসঙ্গী নীলু বলেন, “ওই দিন শোক দিবস থাকবে। তবে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন কর্মকর্তার হত্যা দিবসটিকেও শোক দিবস ঘোষণা করা উচিৎ।”

এনডিএফ জোটে নিবন্ধিত দল কয়টি- জানতে চাইলে জোটের মহাসচিব আলমগীর মজুমদার বলেন,এনপিপি, বাংলাদেশ মুসলিম লীগ ও জাগো দলের নিবন্ধন রয়েছে। এনডিপিও নিবন্ধন নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

“এছাড়া আমাদের প্রত্যাশা আছে, ইসলামিক পার্টি, লেবার পার্টির নিবন্ধনও হয়ে যাবে।”

পুরনো খবর:

২০ দল থেকে একটিও কমেনি: ফখরুল
বিএনপি জোটে ভাঙন ধরিয়ে এনডিএফের যাত্রা শুরু
‘খালেদার বিষে গোলাপের সুবাস’