২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ দল থেকে একটিও কমেনি: ফখরুল

২০ দলীয় জোট ছেড়ে কয়েকটি দল নবগঠিত এনডিএফে যোগ দিলেও বিএনপি নেতৃত্বাধীন জোট অক্ষুণ্ন রয়েছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 06:55 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) আত্মপ্রকাশের দিন বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন। 

ফখরুল বলেন, “অতীতে ২০ দলীয় জোট ভাঙার অনেক চেষ্টা হয়েছে। গোয়েন্দা দিয়ে ভাঙার আজো চেষ্টা করা হয়েছে, কাজ হয়নি। এই জোট অক্ষুণ্ন আছে। জোট থেকে একটি দলও বেরিয়ে যায়নি।”

বিএনপির জোটের নেতা শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বে ১০টি দল নিয়ে গঠিত এনডিএফে নীলুর ন্যাশনাল পিপলস পার্টি, আলমগীর মজুমদারের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, জোবাইদা কাদেরের বাংলাদেশ মুসলিম লীগ, শেখ আনোয়ারুল হকের ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), আব্দুর রশিদ প্রধানের বাংলাদেশ ইসলামিক পার্টি রয়েছে।

এই দলগুলো বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ছিল। কিন্তু প্রত্যেকটির ক্ষেত্রে দল ভেঙে বেরিয়ে একটি অংশ এনডিএফে যোগ দিলেও আরেকটি অংশ বিএনপির সঙ্গে থেকে গেছে।

প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নীলুকে ২০ দলীয় জোট থেকে বহিষ্কার করা হলে এনপিপিরও আরেকটি অংশ নীলুকে বহিষ্কারের ঘোষণা দিয়ে বিএনপি জোটেই রয়েছে, যাদের আবার নীলু পাল্টা বহিষ্কার করেন।

বাংলাদেশে দল ভাঙার বিভিন্ন ঘটনা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, “অনেক সময়ে লোভ-প্রলোভন দেখিয়ে গোয়েন্দা দিয়ে নেতাদের নিয়ে যাওয়া হয়েছে।

“অতীতে বিএনপির অনেক বড় বড় নেতা-নেত্রী এভাবে দল ছেড়ে চলে গিয়েছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস, তাদের অনেকেই আবার বিএনপিতেই ফিরে এসেছেন।”

এইচ এম এরশাদের শাসনামলে বিএনপি ছেড়ে আলাদা দল গঠন করেছিলেন তখনকার মহাসচিব ওবায়েদুর রহমান, পরে বিএনপিতে ফেরেন তিনি। মওদুদ আহমেদ, আবুল হাসনাতসহ অনেকে নেতাই এক সময় বিএনপি ছেড়ে পরে আবার ফিরেছেন।

বিএনপি জোটে ভাঙন ধরানোর চেষ্টার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করে ফখরুল বলেন, “তারা আজ রাজনৈতিকভাবে এতই দেউলিয়া হয়ে গেছে যে লোভ-প্রলোভন,টাকা-পয়সা দিয়ে দল থেকে নেতাদের ভাগিয়ে নেয়ার নানা অপচেষ্টা করেছে।”

“লোভ-প্রলোভনে ২/১ জন চলে যেতেই পারেন, কিন্তু এতে লাভ নেই। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, হালুয়া-রুটির লোভ দেখিয়ে নেতা ভাগিয়ে জনগণের আন্দোলন বন্ধ করতে কেউ পারবে না।”

জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী বাস্তহারা দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলন-২০১৪ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যে আওয়ামী লীগের দেশ পরিচালনার সমালোচনাও করেন ফখরুল।

“সরকার একের পর এক আইন করছে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে জাতীয় সম্প্রচার নীতি করেছে। বিচারপতিদের নিয়ন্ত্রণে রাখতে ষোড়শ সংশোধন করে এমন একটি সংসদের কাছে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দেয়া হয়েছে, যে সংসদে কোনো জনপ্রতিনিধি নেই।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের মন্ত্রী-নেতাদের ‘কটূক্তিপূর্ণ’ বক্তব্যেরও সমালোচনা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব।

মামলা-হামলা প্রতিরোধ করে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন জোরদার করে তা মানতে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারিও দেন তিনি।

ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ৬৫ জন নেতা-কর্মীকে গুম, নিজের বিরুদ্ধে ৬২টি মামলার (২০টিতে অভিযোগ গঠন) কথাও বলেন ফখরুল।

“এসব ষড়যন্ত্র করে জনগণের আন্দোলন কেউ দমাতে পারবে না। দেশনেত্রী কখনও আপস করেননি। তিনি মানুষের অধিকারের এই আন্দোলনে আছেন, থাকবেন।”

বাস্তুহারা দলের সভাপতি শরীফ হাফিজুর রহমান টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় ফখরুল ছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুল মান্নান, মো. শাহজাহান, খায়রুল কবীর খোকন, নাজিম উদ্দিন আলম প্রমুখ।

আলোচনা সভার মধ্যেই শরীফ হাফিজুর রহমান টিপুকে সভাপতি ও খন্দকার অহিদুল ইসলাম বাদলকে সাধারণ সম্পাদক করে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

পুরনো খবর:

বিএনপি জোটে ভাঙন ধরিয়ে এনডিএফের যাত্রা শুরু
বিএনপি-জামায়াত সব সিদ্ধান্ত চাপিয়ে দিত: নীলু