২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল মারা গেছে: জাফরুল্লাহ

আন্দোলনের প্রয়োজনে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ‘বয়স্কদের’ নেতৃত্ব থেকে সরানোর পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 02:24 AM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শুক্রবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক আলোচনা সভায় তিনি বলেন, “ছাত্রদল মারা গেছে। এখন এই ছাত্র সংগঠনে নেতৃত্বে ৩০/৪০ বছরের বয়স্ক বুড়োরা। এদের দিয়ে আন্দোলনে হবে না।’

জাফরুল্লাহর ভাষায়, বর্তমানে ছাত্রদলের নেতৃত্বে যারা রয়েছেন, তাদের নাতি-পুতি হয়ে গেছে। তাদের আর আন্দোলন করার শক্তি নেই।

‘‘আমরা বিএনপির নীতিনির্ধারকদের বলতে চাই, আন্দোলন করতে হলে ২৫ বছরের তরুণ ছাত্রদের নেতৃত্বে এনে ছাত্রদল গড়ে তুলতে হবে।’’

২০১২ সালের ৩ সেপ্টেম্বর আবদুল কাদের ভুঁইয়া ও হাবিবুর রশীদ হাবিবের নেতৃত্বে ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠন করা হয়। তাদের দুজনেরই বয়স এখন চল্লিশের কাছাকাছি।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অগাস্টের মাঝামাঝি সময় থেকে ছাত্রদল নেতাদের সঙ্গে তিনবার বৈঠকে বসেছেন। তিনবারই সংগঠনের পুনর্গঠন ও তরুণ নেতাদের কেন্দ্রীয় কমিটিতে নিয়ে আসার বিষয়টি উঠে এসেছে।  

জাফরুল্লাহ বলেন, “বিএনপিকে বলব, আপনাদের প্রথম কাজ হবে ছাত্রদল ঠিক করুন। এরপর দেখুন আন্দোলন হয় কি না।’’

‘তারেক রহমানের সমৃদ্ধ বাংলাদেশ ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক এই আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ নেতারা ছাড়াও জাতীয়তাবাদী ঘরানার বুদ্ধিজীবীরা বক্তব্য দেন। তারা আন্দোলনে ছাত্রদলের ভূমিকার সমালোচনা করেন।

জাফরুল্লাহ চৌধুরী নবীন নেতৃত্বের পক্ষে বললে মিলনায়তনে করতালি পড়ে।

তিনি বলেন, “ছাত্রদল কোনো আওয়াজ করছে না। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদ নির্বাচন হচ্ছে না; সেই দাবিতে ছাত্রদলের কোনো আন্দোলনও আমি দেখতে পাই না। অথচ ছাত্রদলের আন্দোলন সেখান থেকেই শুরু হওয়ার কথা।”

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলে ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘রাজনৈতিক ভাবনা’ নিয়ে ১৭ জন লেখকের নিবন্ধের একটি সংকলন গতবছর যুক্তরাজ্যে প্রকাশিত হয়।

‘দ্যা পলিটিক্যাল থট অফ তারেক রহমান: এমপাওয়ারম্যান্ট অব দ্য গ্রাসরুটস পিপল’ নামের ওই বইটি মিলনায়তনে উপস্থিত যারা পড়েছেন তাদেরকে হাত তুলতে বলেন জাফরুল্লাহ চৌধুরী।

এ সময় মাত্র কয়েকজন হাত তুললে ক্ষোভ প্রকাশ করেন ষাটের দশকে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে জড়িত জাফরুল্লাহ।

তিনি বলেন, ‘‘এই পুরো মিলনায়তনে মাত্র ৫/৬ জন হাত উঠিয়েছেন। তাহলে কীভাবে হবে? নেতা-কর্মীদের বই পড়তে হবে। এখানেই বিএনপির সমস্যা।’’

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘স্লোগানের রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্রদল নিজের সংগঠন নিয়ে স্লোগান দেয়, এটা বন্ধ করতে হবে।”

কোন ‘ব্যক্তি বিশেষ বা সংগঠনকে’ নিয়ে স্লোগান না দিয়ে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগান দেয়ার জন্য ছাত্রদলের প্রতি আহ্বান জানান তিনি।