শেখ হাসিনার ঘরে ‘আগুন’: রফিকুল
বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদে ফিরিয়ে দিতে সংবিধান সংশোধনের উদ্যোগে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের বিরোধিতা বিএনপির আন্দোলনের যুক্তিকে প্রতিষ্ঠিত করেছে বলে দাবি করেছেন রফিকুল ইসলাম মিয়া।
আওয়ামী লীগের এই উদ্যোগের প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের সমাবেশে ব্ক্তব্যে এই দাবি করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল বলেন,“এর বিরুদ্ধে সংবিধান প্রণেতাদের অন্যতম ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর উল ইসলাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ জ্যেষ্ঠ আইনজীবীরা অবস্থান নিয়েছেন। তারা এর প্রতিবাদ জানিয়েছেন।
“এ থেকে বোঝা যায়, শেখ হাসিনার ঘরে আগুন লেগেছে। যত চেষ্টাই করুক না কেন, তারা ধ্বংস হয়ে যাবে।”
বিএনপির বিরোধিতার মধ্যে সংসদে সংবিধান সংশোধনের এই বিল উত্থাপিত হয়েছে। চলতি অধিবেশনেই তা পাসের কথা রয়েছে।
৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত ‘অবৈধ’ সংসদকে বিচারপতি অপসারণের ক্ষমতা দিয়ে আওয়ামী লীগ বিচার বিভাগের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে বলে বিএনপির অভিযোগ।
এই উদ্যোগ বন্ধের দাবিতে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে সংসদের বাইরে থাকা বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। এর অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ হয়।
বিএনপি সমর্থক আইনজীবীদের নেতা রফিকুল বলেন, “সরকার রাষ্ট্রের তিনটি অঙ্গকে আজ ধ্বংস করে দিচ্ছে। প্রশাসন ও সংসদ তাদের নিয়ন্ত্রণে চলে গেছে, এখন বিচার বিভাগকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে।”
সংবিধান সংশোধনের এই উদ্যোগ রুখে দাঁড়ানোর পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে হটাতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, “দুরভিসন্ধিমূলক এই বিল পাস হলে বিচারপতিরা আর স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন বলেন, “যখন সরকার দেখছে, হাজার হাজার মামলা-মোকদ্দমা দিয়ে বিরোধী দলকে দমাতে পারছে না, তখন বিচার বিভাগকে নিয়ন্ত্রণে আনতে আইন সংশোধন করছে। সংবিধান ধ্বংস করতেই তারা এটা করছে।
“সরকার যে পথে এগুচ্ছে, তাতে আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদের পতন ঘটবে।”
২৩ দিনের ব্যবধানে রাজধানীতে দ্বিতীয় সমাবেশে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপি ও জোটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগ দেয়। এই সময় মৎস্যভবন থেকে শাহবাগ পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কয়েকটি বড় মিছিল নিয়ে এই সমাবেশে যোগ দেয়।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের সমালোচনা করেন রফিকুল।
মির্জা আব্বাস সরকারকে হুঁশিয়ার করে বলেন, “দেশে কবরের নীরবতা ও শান্তি বিরাজ করছে। এই শান্তি কেবল সরকারের মন্ত্রী-এমপিরাই ভোগ করেছে।
“সরকারকে বলতে চাই, আপনারা যত কালা কানুন করেন না কেন, কোনও কিছু বিনা চ্যালেঞ্জ ছেড়ে দেওয়া হবে না। আমরা আন্দোলন করবোই।”
তবে সেই আন্দোলন অহিংস হবে জানিয়ে সহিংস আচরণ না করতে সরকারকে সতর্ক করেন তিনি।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে পুনরায় আহ্বানও জানান ৫ জানুয়ারির ভোট বর্জনকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
হরতাল বন্ধ সম্পর্কে শেখ হাসিনার বক্তব্যের জবাবে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ চাইলে হরতাল বন্ধে আইন করা হবে। আমি বলব, জনগণ তো আপনাকে চায় না। আপনারা ক্ষমতা ছেড়ে দিন।”
সমাবেশে জামায়াতে ইসলামী প্রচার সম্পাদক তাসনীম আলম সংবিধান সংশোধনের উদ্যোগ না নিতে সরকারের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি দলের কারাবন্দি আমির যুদ্ধাপরাধে অভিযুক্ত মাওলানা মতিউর রহমান নিজামী, দণ্ডিত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ অন্য নেতাদের মুক্তিও দাবি করেন।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী বলেন, “সরকারকে বলব, ক্ষমতায় থাকতে যতই আপনারা আঁটঘাট বাঁধেন না কেন, কোনও লাভ হবে না, আপনাদের ক্ষমতা ছাড়তেই হবে।”
বিএনপির ঢাকা মহানগর সদস্য সচিব হাবিব উন নবী খান ও কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীমের পরিচালনায় এই সমাবেশে জামায়াতের কর্মপরিষদের সদস্য আমীনুল ইসলাম, ঢাকা মহানগর নেতা সেলিম উদ্দিন, ছাত্রশিবিরের ইয়াছিন আরাফাত ও মোবারক হোসাইনও বক্তব্য দেন।।
বিএনপি নেতাদের বক্তব্য রাখেন সেলিমা রহমান, ওসমান ফারুক, আবদুল আউয়াল মিন্টু, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, মাহবুবউদ্দিন খোকন, ফজলুল হক মিলন, আবদুস সালাম, নাজিমউদ্দিন আলম, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবু সাঈদ খান খোকন,শিরিন সুলতানা, মীর সরফত আলী সপু, আলী রোঁউর রহমান রিপন, এস এম জাহাঙ্গীর, রফিকুল আলম মজনু, সাহাবুদ্দিন মুন্না, হাবিবুর রশীদ হাবিব, আবুল মনসুর খান দীপক, খন্দকার এনামুল হক প্রমুখ।
