২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বিএনপির ৬৭ নেতাকর্মী হাজতে

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনোত্তর সহিংসতার মামলায় বিএনপির ৬৭ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 09:45 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে মুখ্য বিচারিক হাকিম লিয়াকত আলী মোল্লা তা নাকচ করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। 

মামলার নথি থেকে জানা যায়, গত ২৩ মার্চ বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন।

নির্বাচনের পর ওই রাতে এবং পরদিন সকালে উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ১৭টি বাড়িঘরে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

হামলায় সাত জন আহত হওয়ার ঘটনাও ঘটে।

এ ঘটনায় উপজেলার নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজদার হোসেনসহ ৮৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চারটি মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

চার মামলার অভিযোগপত্রভুক্ত ৬৭ জন আসামি সোমবার দুপুরে মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

এর পরপরই তাদের বিশেষ নিরাপত্তায় জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।