বাগেরহাটে ছাত্রদল নেতা ‘নিখোঁজ’
বাগেরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হাসানকে (২৭) ছয় দিন ধরে পাওয়া যাচ্ছে না দাবি করেছে তার স্বজনরা। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অপহরণ করেছে বলেও অভিযোগ তাদের।
তার স্ত্রী রেশমা আক্তার জানান, গত ২১ অগাস্ট সন্ধ্যায় খুলনা মহানগরীর নিউমার্কেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরদিন তিনি বাগেরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ ঘটনায় জানাতে সোমবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করেও শারীরিক অসুস্থতার কারণে তা স্থগিত করেন রেশমা।
সাব্বির সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের প্রয়াত মো. আব্দুল ওয়াদুদের ছেলে।
তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মারামারি, অস্ত্র আইন ও পুলিশের উপর হামলার অন্তত চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সাব্বিরের স্ত্রী রেশমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২১ অগাস্ট সন্ধ্যায় একটি ইজিবাইকে উঠে শহরের নিউমার্কেট এলাকায় একটি অভিজাত দোকানে যান সাব্বির। সেখান থেকে মাইক্রোবাসে আসা সাত-আট জন সশস্ত্র ব্যক্তি তাকে অস্ত্রের মুখে অপহরণ করে চোখ বেঁধে এবং হাতে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা সবাই ছিল সশস্ত্র।”
“ওই ইজিবাইকের চালকের মাধ্যমে ঘটনা জেনে খোঁজাখুজি করে সাব্বিরের সন্ধান না পেয়ে গত ২২ অগাস্ট বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি,” বলেন রেশমা।
বাগেরাহট জেলা ছাত্রদলের সভাপতি সুজাউদ্দিন মোল্লা সুজন ও সাধারণ সম্পাদক তানু ভুইঞা স্বাক্ষরিত ছাত্রদলের এক বিবৃতিতে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাব্বিরকে খুলনার নিউমার্কেট এলাকা থেকে তুলে নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
সুজাউদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাব্বিরের পরিবারের মাধ্যমে আমরা অপহরণের খবরটি পেয়েছি। আমরা চাই প্রশাসন প্রকৃত সত্য উদঘাটন করুক।”
বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান বলেন, “সাব্বির বাগেরহাট সদর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা তাকে খুঁজছি।”
অপহরণের বিষয়ে কিছু জানেন না দাবি করে তিনি আরো বলেন, “সাব্বির অপহৃত হয়েছেন, না কি তাকে আড়াল করতে তার পরিবার অপহরণের কথা বলছে তা আমরা তদন্ত করে দেখছি।”
