২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুরের মামলায় আমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

পাঁচ বছর আগের একটি ভাংচুরের মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 02:52 PM

Updated : 22 Aug 2022, 06:58 PM

অভিযোগ গঠনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক সোমবার আসামিদের বিচার শুরুর আদেশ দিয়ে সাক্ষ্যগ্রহণের জন্য ২০ নভেম্বর দিন ঠিক করে দেন।

এ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জানান, অভিযোগ গঠনের সময় বিএনপি নেতা আমানসহ ১২ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

তারা নিজেদের নির্দোষ দাবি করে বিচারকের কাছে সুবিচার প্রার্থনা করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর আমান থাইল্যান্ড থেকে ফেরার সময় মোহাম্মদপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তারের জন্য বিমানবন্দরে যায় পুলিশ।

এ সময়  আমানের কর্মী সমর্থকরা ওই এলাকায় গাড়ি ভাংচুর করে এবং পুলিশের ওপর হামলা চালায়।

ওই ঘটনায় আমান ও তার সমর্থকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তহিদ আহমেদ। তদন্ত শেষে পুলিশ ২০১১ সালের ২০ অগাস্ট ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।