২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খাঁচায়’ আটকাতে অফিস ঘিরে পুলিশ: বিএনপি

নেতাকর্মীদের ‘খাঁচায়’ আটকে রাখতে কেন্দ্রীয় কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2014, 01:46 PM

Updated : 13 Oct 2022, 12:27 PM

শুক্রবার সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

তিনি বলেন, “আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, আজ সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী পোশাকধারী ও সাদা পোশাকধারী বাহিনী আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীদের আসতে অন্যায় ও নিষ্ঠুরভাবে বাধা দিচ্ছে। তারা কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। একটি বৃহত্তম রাজনৈতিক দলের কার্যালয় খাঁচায় আটকিয়ে রাখার জন্য অবৈধ সরকার এই অপচেষ্টা করছে বলে আমরা মনে করি।”

এর আগে জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালনকে কেন্দ্র করে নানা মহলের সমালোচনার মধ্যেই রাতে কেক কাটেন বিএনপি চেয়ারপারসন।  

কেন্দ্রীয় কার্যালয়ে সকালে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় নেত্রীর জন্মদিন উদযাপনে কর্মসূচি রেখেছিল।

তবে শুক্রবার সকাল ৮টা থেকে পুলিশ ও সাদা পোশাকের সদস্যরা নয়া পল্টনের কার্যালয়ের সামনে অব্স্থান নেয়। কার্যালয়ের সামনে দেখা যায় সাঁজোয়া যান, জল কামানের গাড়ি ও প্রিজন ভ্যান।

রিজভী বলেন, “সরকার তার মনোনীত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে বার বার বিএনপির কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। কার্যালয়ে একাধিকবার তাণ্ডব চালিয়েছে। আজো তার ব্যতিক্রম দেখা যায়নি।”

কার্যালয় অবরুদ্ধ থাকার কারণে সহযোগী সংগঠনের জন্মদিন উদযাপনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটার অনুষ্ঠান গত রাতে প্রথম প্রহরে গুলশানের কার্যালয়ে হয়েছে। অঙ্গসংগঠনের কর্মসূচি সম্পর্কে সংশ্লিষ্টদের কেউ কেউ আমাকে জানিয়েছেন, তারা রাতেই তা সেরে ফেলেছে।”

“তবে আপনারা (সাংবাদিক) দেখতে পারছেন, এই কার্যালয়ে নেতাকর্মীদের আসতেই দেয়া হচ্ছে না। অনুষ্ঠান হবে কীভাবে?”

খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালে, তবে দিন নিয়ে বিভ্রান্তি রয়েছে। তিনি দুই দশক ধরে ১৫ অগাস্ট প্রথম প্রহরে গুলশানের কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে কেক কাটেন।

আওয়ামী লীগ নেতারা বলছেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পাকিস্তানি ভাবাদর্শে নেয়ার যে প্রক্রিয়া শুরু হয়, কার্যত তা উদযাপন করেন জামায়াতে ইসলামীর জোটসঙ্গী বিএনপির প্রধান।

এদিকে ব্রিফিংয়ে শনিবার ২০ দলের ঘোষিত কালো পতাকা মিছিলের কর্মসূচি নিয়ে কথা বলেন রিজভী।

তিনি জানান, গাজায় দুই সহস্রাধিক ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে ২০ দল এই কর্মসূচি পালনে ঢাকাসহ সারাদেশে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢাকায় নয়া পল্টনের কার্যালয় থেকে বিকাল ৩টায় এই কালো পতাকা মিছিল শুরু হবে।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘‘পুলিশের কাছে অনুমতি চেয়ে ইতিমধ্যে চিঠি দেয়া হয়েছে। আমাদেরকে ইতিবাচক ধারণাও দেয়া হয়েছে। তবে পুলিশের কাছ থেকে লিখিত কোনো চিঠি এখন পর্যন্ত আমরা পাইনি।”

কালো পতাকা মিছিল শান্তিপূর্ণ করারও আশ্বাস দেন তিনি।