ঈদের পর আন্দোলনে নামার ডাক চট্টগ্রাম বিএনপির
ঈদের পর সরকারবিরোধী আন্দোলনে ঝাপিয়ে পড়ার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন এম মোর্শেদ খান।
মঙ্গলবার নগরীর একটি কনভেনশন সেন্টারে নগর বিএনপির ইফতার মাহফিলে এ আহ্বান জানান দলের এই ভাইস-চেয়ারম্যান।
মোর্শেদ খান বলেন, নেত্রী আন্দোলনের ডাক দিয়েছে। ঈদের পর জোরদার আন্দোলন করে আওয়ামী লীগের পতন ঘটাতে হবে।
এজন্য বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণকে সাথে নিয়ে আন্দোলনে নামতে হবে।
সভাপতির বক্তব্যে নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নেত্রী আন্দোলনের ডাক দেয়ার পর মানুষ জানতে চায়, আগামীর আন্দোলন কেমন ও কোন ধরনের হবে।
দেশের ৯০ শতাংশ মানুষ আওয়ামী লীগের কবল থেকে দেশকে মুক্ত করার কথা ভাবছে মন্তব্য করে তিনি বলেন, “মানুষ তৈরি আছে। এবার তাদের সাথে নিয়ে নেত্রীর ডাকে রাজপথে নামতে হবে।”
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খসরু বলেন, “গতবারের চেয়ে এবারের আন্দোলন হবে ভিন্ন।”
তিনি বলেন, “আওয়ামী লীগকর্মীরা মাঠে নেই। এবার আমাদের রাষ্ট্রীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে হবে। গতবারও তাদের মোকাবেলা করতে হয়েছে আমাদের।
“আমরা তাদের চিনি। এবার তাদের মুখোশ উন্মোচন করতে হবে।”
ইফতার মাহফিলে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও খালেদা জিয়ার উপদেষ্ঠা মনজুরুল আলম, মীর নাছির, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক বন ও পরিবেশমন্ত্রী জাফরুল ইসলাম।
