গাজাবাসীর পাশে দাঁড়াতে রওশনের আহ্বান
গাজায় ইসরায়েলি হামলায় নিন্দা জানিয়ে তা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, “এই ধরনের বর্বরোচিত হামলা বিশেষ করে সিয়াম সাধনার মাসে তা বিশ্ববাসীর কাম্য নয়। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের এ বর্বরচিত হামলায় বিশ্ববাসীর সাথে আমরাও হতবাক।”
ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় ছয় দিনের টানা বিমান হামলায় অন্তত ১৬০ জন নিহত এবং সহস্রাধিক আহত হয়েছে।
হতাহতদের তিন-চতুর্থাংশই বেসামরিক মানুষ বলে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে।
রওশদ এরশাদ ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে ওআইসি, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ সৃষ্টি এবং ফিলিস্তিনি জনগণের জানমাল রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
গাজায় অভিযান বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারও। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও একই আহ্বান রেখেছেন।
